অভিনয় থেকে রাজনীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনাল্ড রিগান
রোনাল্ড রিগান

রাজনীতিবিদেরা কি ভালো অভিনেতা নাকি অভিনেতারা ভালো রাজনীতিবিদ? প্রশ্নটা একটু ভারী। উত্তর যা-ই হোক, কালে কালে সব দেশেই চলচ্চিত্রজগতের নক্ষত্ররা তাঁদের ক্যারিয়ারের একপর্যায়ে ঢুঁ মেরেছেন রাজনীতিতে। অভিনেতা থেকে একেবারে দেশের প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান আর ফিলিপাইনের জোসেফ এস্ত্রাদা। হাল আমলে ভারতের লোকসভা নির্বাচনে অনেক তারকা সাংসদ হয়েছেন৷ তাঁদের নিয়েই কথা শুরু হোক৷

জোসেফ এস্ত্রাদা, ক্লিন্ট ইস্টউড, আরনল্ড শোয়ার্জনেগার, জয়ললিতা, শত্রুঘ্ন সিনহা, মুনমুন সেন, দেব
জোসেফ এস্ত্রাদা, ক্লিন্ট ইস্টউড, আরনল্ড শোয়ার্জনেগার, জয়ললিতা, শত্রুঘ্ন সিনহা, মুনমুন সেন, দেব

ভারতের পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে মাঠে নেমেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন ও টালিউডে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব। আশঙ্কা ছিল, দুজনেরই নাম নিয়ে ঝামেলা হবে। কারণ, ভোটাররা তো আর শ্রীমতী দেব ভার্মা আর দীপক অধিকারীকে চেনে না। এ যে মুনমুন আর দেবের আসল নাম! দিন শেষে অবশ্য ভোটাররা ঠিকই চিনে নিয়েছেন তাঁদের৷ তাই তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন দুজনই। তাঁদের মতোই জিতে এসেছেন সন্ধ্যা রায়, তাপস পাল, ও শতাব্দী রায়৷
বলিউডে নায়ক-নায়িকার রাজনীতিতে নামার মিছিলটি অনেক বড়। সুপারস্টার সুনীল দত্ত, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দ ও দক্ষিণের জয়ললিতা রাজনীতিতে সক্রিয় ছিলেন। মেগাস্টার অমিতাভ বচ্চন অবশ্য আশির দশকে তিন বছরের জন্য রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। তবে এবার ভারতের লোকসভা নির্বাচনে তাঁর, নির্দিষ্ট করে বললে ভূতনাথের ভূমিকা ছিল। নির্বাচন শুরুর কয়েক দিন আগে মুক্তি পায় ভূতনাথ রিটার্নস ছবিটি। তাতে রাজনীতি আছে৷

হেমামালিনী
হেমামালিনী

নির্বাচনে বলিউড স্টারদের হয়েছে জয়জয়কার। বিজেপির পতাকা হাতে নিয়ে জয়ী হয়েছেন বিনোদ খান্না ও শত্রুঘ্ন সিনহা। রাজনীতিতে নামার পর প্রথমবারের মতো এবারের নির্বাচনে বাজিমাত করেছেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনি, বলিউডের জনপ্রিয় ‘মা’ কিরণ খের ও জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। তিনজনই জয়ী হয়েছেন। তবে অভিনেত্রী নাগমা, গুল পানাগরা হেরেছেন। আর আইটেম গার্ল রাখি সাওয়ান্ত নির্বাচনে নেমে পেয়েছেন সাকল্যে ৭০০ ভোট।
হলিউড অভিনেতাদের রাজনীতিতে নামার লাইনটাও কম বড় নয়। চল্লিশের দশকে শুরু করে ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন রোনাল্ড রিগান। পরে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট হন তিনি। তবে কিংবদন্তি ‘ওয়েন্টার্ন হিরো’ ক্লিন্ট ইস্টউডের রাজনীতিতে নামার কাহিনিটা একটু ভিন্ন। ক্যালিফোর্নিয়ার কারমেলে তাঁকে অফিস ভবন সংস্কার করতে বাধা দেয় স্থানীয় প্ল্যানিং বোর্ড। খেপে গিয়ে রাজনীতিতে জড়ান তিনি। কারমেলের মেয়র হয়েই চাকরিচ্যুত করেন প্ল্যানিং বোর্ডের সেসব লোককে। হলিউডের অ্যাকশন হিরো আরনল্ড শোয়ার্জনেগারকে পর্দায় নীরস, ভাবলেশহীন মনে হলেও রাজনীতিতে নেমে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেন ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত দুই দফা ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়ে।

আসাদুজ্জামান নূর, সারাহ বেগম কবরী
আসাদুজ্জামান নূর, সারাহ বেগম কবরী

বাংলাদেশে—
জাতীয় রাজনীতি নিয়ে পার্শ্ববতী দেশ ভারতের তারকা শিল্পীদের যতটা আগ্রহ, বাংলাদেশের বিনোদন জগতের তারকা শিল্পীদের আগ্রহ ততোটা নয়৷ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে পর পর তিনবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হয়েছেন৷ এবার জয়ের পর তিনি দেশের সংস্কৃতিমন্ত্রী হয়েছেন৷ নবম জাতীয় সংসদ নির্বাচনে ৭০–৮০ দশকের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সারাহ বেগম কবরী বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে সরাসরি ভোটে জয়লাভ করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন৷ তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন৷ একই সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ছোট পর্দার অভিনয়শিল্পী তারানা হালিম ও কণ্ঠশিল্পী মমতাজ সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ তারানা হালিম এবারও একইভাবে নির্বাচিত হয়েছেন৷ দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ আসন থেকে মমতাজ মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন৷ দশম জাতীয় সংসদ নির্বাচনে কবরী মনোনয়ন পাননি৷

আহমেদ শরীফ
তথ্যসূত্র: জি নিউজ ডট ইন্ডিয়া ডট কম, এম এস এন ডট কম, ফার্স্ট পোস্ট, টাইম