মিশা সওদাগর। চলচ্চিত্রের খুব পরিচিত একজন খলনায়ক। রোজার ঈদে তাঁর অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছিল। এবার কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তিনটি। এখন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।রোজার ঈদে আপনার অভিনীত কোন ছবিগুলো মুক্তি পেয়েছিল? অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম, শাহীন সুমনের খোদার পরে মা, সাফি ইসলামের ঢাকার কিং আর এফ আই মানিকের মাই নেম ইজ সুলতান।কোরবানির ঈদে?বদিউল আলমের হান্ড্রেড পারসেন্ট লাভ ও ডন নাম্বার ওয়ান এবং শাহাদাৎ হোসেনের জিদ্দি মামা। সব কটি ছবিতেই আমি খলনায়ক।চলচ্চিত্রে কখনো নায়ক হওয়ার ইচ্ছা হয় না?আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিলাম ১৯৮৬ সালে, ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মধ্য দিয়ে। এরপর ছটকু আহমেদের চেতনা আর আলমগীর কুমকুমের অমরসঙ্গীতে আমি নায়কের চরিত্রে অভিনয় করেছিলাম। তখন চলচ্চিত্রের নায়ক ছিলেন রাজ্জাক, ফারুক, জসীম, আলমগীর। তখন কয়েকজন পরিচালকের পরামর্শে খলনায়কের চরিত্রে অভিনয় শুরু করি। খলনায়ক হিসেবে আমার প্রথম ছবি সালমান শাহ ও শাবনাজের সঙ্গে আশা ভালোবাসা। এরপর কতগুলো ছবিতে খলনায়ক হয়েছেন?প্রায় ৮০০ ছবিতে।টিভিতে অভিনয় করেছেন?একুশে টিভিতে ললিতা নামের একটি ধারাবাহিক প্রচারিত হয়েছিল। আমি ওই নাটকের সাতটি পর্বে অভিনয় করেছিলাম। টিভিতে নেতিবাচক চরিত্রে কাজ করার ইচ্ছা নেই। চলচ্চিত্রের পরিচালক হওয়ার ইচ্ছা আছে?এখন পরিচালকের সংখ্যা অনেক। তাঁদের ভিড়ে এখন অনেক ভালো ছবির পরিচালকই অভিমান করে নিজেদের গুটিয়ে নিয়েছেন। পরিচালনার কাজটি কিন্তু খুব কঠিন। আমি অভিনয় নিয়ে ভালোই আছি।