১৫ জানুয়ারি জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নতুন নাটক স্বপ্ন পথিক। হারুন অর রশীদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এখানে ফুয়ারা চরিত্রে অভিনয় করেছেন রুবলী চৌধুরী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

ফুয়ারা চরিত্রটি কী রকমের?
এখানে ফুয়ারা গার্মেন্টসের নারী শ্রমিক। অন্য নারী শ্রমিকদের চেয়ে ফুয়ারা একটু আলাদা। সে একটু প্রতিবাদী। চঞ্চলা মন তার। কখনো কখনো প্রতিবাদী হয়ে তীর্যকভাবে কথা বলতেও দ্বিধা বোধ করে না সে। একদিন গার্মেন্টস দুর্ঘটনায় মারা যায় ফুয়ারা।
চে’র সাইকেল নাটকটিতে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় আপনাকে...
২০০৪ সালে আমি বাঙলা থিয়েটারের হয়ে এ নাটকটিতে অভিনয় করি। নাটকটিতে কখনো স্কুলশিক্ষিকা কর্তেস, কখনো বিপ্লবী নারী সোহেলী, আবার কখনো চে গুয়েভারার দ্বিতীয় স্ত্রী আলেইদা চরিত্রে অভিনয় করি। তিনটি চরিত্র তিন ধরনের। নাটকটিতে বিরতিহীনভাবেই তিন ধরনের চরিত্র নিয়ে মঞ্চে উঠতে হয়। ঢাকাতে এসে প্রথম এ নাটকে অভিনয় করি। প্রথমেই কঠিন এ কাজটি করতে আমার কষ্ট হয়েছে। পাণ্ডুলিপি পড়তে হয়েছে অসংখ্যবার। চে গুয়েভারাকে নিয়ে লেখা বই সংগ্রহ করে পড়েছি একাধিকবার। নির্দেশক মামুনুর রশীদ আমাকে মহড়ায় হাতে ধরে এ ধরনের চরিত্রগুলো তুলে ধরতে সাহায্য করেছেন।
থিয়েটারে কেন যোগ দিলেন?
একেবারেই ভালো লাগা ভালোবাসা থেকে। ছোটবেলায় অসংখ্য সিনেমা দেখেছি। বাড়িতে রেডিও ছিল। মায়ের সঙ্গে বসে রেডিওতে নাটক শুনতাম। তখন থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়।
কবে থিয়েটারে যোগ দিলেন?
যতদূর সম্ভব সময়টা ১৯৯৫ কি ৯৬ সাল হবে। সেই সময় দিনাজপুরে থাকি। ওখানে আমাদের থিয়েটার নামে একটি নাটকের সংগঠনে যোগ দিই। দলে এবং ইত্যাদি, বিরুদ্ধ বসবাসসহ একাধিক নাটকে অভিনয় করি। এরপর ২০০৪ সালে ঢাকায় বাঙলা থিয়েটারের হয়ে চে’র সাইকেল নাটকে অভিনয় করি। কর্মশালার মাধ্যমে আরণ্যক নাট্যদলে যোগ দিই। এখানে এবং বিদ্যাসাগর, শত্রুগণ, স্বপ্ন পথিকসহ একাধিক চলতি প্রযোজনায় অভিনয় করছি।
নির্দেশনা দেওয়ার ইচ্ছা আছে?
ইচ্ছা আছে। তবে এখনই না। থিয়েটার নিয়ে এখনো অনেক ভাবা, জানা ও শেখার আছে। আপাতত অভিনয় নিয়েই থাকতে চাই।