অভিনয় শেখার স্কুলগুলো ভুয়া: নাসিরুদ্দিন শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ

অভিনেতা নাসিরুদ্দিন শাহ ভারতের সব অ্যাক্টিং স্কুলকে ভুয়া বললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে জানিয়ে দেন, কেউ কাউকে অভিনয় শেখাতে পারে না। তাই যারা সেইসব স্কুলে অভিনয় শেখাচ্ছেন, তাঁদেরও নাসিরুদ্দিন শাহ্ ভুয়া বলে অভিহিত করলেন।
অভিনেতা নাসিরুদ্দিন শাহ নিজে ভারতের ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’র একজন শিক্ষার্থী ছিলেন। তাই তাঁর কাছ থেকে এমন মন্তব্য এখন অনেককেই ভাবাচ্ছেন। নিজের অভিজ্ঞতা থেকে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আমি শিখতে গিয়েছি, কারণ আমার জানার আগ্রহ ছিল। আমাকে অভিনয় শিখতে হবে বলে, আমি সেখানে যাইনি। আমি নিজের চারপাশের জগতটাকে আরও ভালো করতে জানতে ও বুঝতে সেখানে যাই।’ বলিউডের সব মহাতারকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অভিনয় যাদের অস্থিমজ্জায় মিশে আছে, তাঁদের তা স্কুলে গিয়ে শিখতে হয় না। দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, কমল হাসান- তাঁরা তো কখনও কোনো অভিনয়ের স্কুলে যাননি। কিন্তু তাঁদের মতো নিখুঁত অভিনেতা কি তুমি খুঁজে পাবে কোথাও? আমি মনে করি, একজন অভিনেতা নিজেই নিজেকে শেখায় প্রতিনিয়ত। এরপর কোনো স্কুলে থেকে প্রশিক্ষণ নেওয়া তাঁর অভিনয়ের জন্য সহায়ক হিসেবে কাজ করে।’ 

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই যে, ভারতের এ সময়ের সব অ্যাক্টিং স্কুল ভুয়া। তাঁরা এ সময়ের তরুণ সমাজকে অভিনয় শেখানোর নামে বোকা বানাচ্ছে।’