অভিনয়টা নিয়মিতই করে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দন রেজা
চন্দন রেজা

শিল্পকলা একাডেমীর উদ্যোগে মঞ্চে এসেছে জন্ম সংকট নাটকটি। এস এম সোলায়মানের লেখা বার্থ ফ্যান্টাসি ও জনম দুঃখী নাটক দুটি অবলম্বনে ভাবান্তর ও নির্দেশনা দিয়েছেন চন্দন রেজা। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

দুটি নাটক একসঙ্গে এক জায়গায় এনে কেন মঞ্চে আনলেন?
জনম দুঃখী নাটকটিতে ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্থান উঠে এসেছে। অন্যদিকে বার্থ ফ্যান্টাসিতে আছে বর্তমান রাজনৈতিক সংকট। যা বর্তমান সময়ের সঙ্গে একেবারেই মিলে যায়। এ জন্য দুটি নাটককে এক জায়গায় এনে, সমসাময়িক অবস্থানকে তুলে ধরতে পরিপূর্ণভাবে একটি নাটক হিসেবে মঞ্চে আনা হয়েছে ।

নাটকটি কি নিয়মিতই মঞ্চে থাকবে?
যেহেতু নাটকটির গল্প বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক, তাই শিল্পকলা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতই প্রদর্শনী চালিয়ে যেতে। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরের জেলা, উপজেলা পর্যায়েও নাটকটি নিয়ে সফর করব আমরা। এ পর্যন্ত নাটকটির চারটি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে তিনটিই ঢাকার বাইরে।

আপনি থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য। দলের এই দীর্ঘ যাত্রায় নিজ দল থেকে কেন নির্দেশনা দিচ্ছে না?

দলে চারটি নাটকের নিয়মিত মঞ্চায়ন চলছে। দলের জ্যেষ্ঠ কর্মীরা কাজগুলো করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই দলের কার্যক্রম চলে, তাই নির্দেশনার কাজটি কে কখন করবেন, তা দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। সময় হলে হয়তো আমিও নির্দেশনা দেব। এর আগে দল থেকে আমি একটা নির্বাক নাটক করেছি। ৩০ মিনিটের নাটকটির মাত্র তিনটি প্রদর্শনী হয়েছে।

কিন্তু দলের সবগুলো প্রযোজনাতেই তো আপনি অভিনয় করেন। নাকি?

আমিনা সুন্দরী, সময়ের প্রয়োজনে, কোর্ট মার্শাল ও শেষের কবিতা—দলের এই চারটি নাটকে আমি অভিনয় করছি। এ ছাড়া শিল্পকলার নিজস্ব প্রযোজনা টার্গেট প্লাটুন নাটকেও অভিনয় করছি। অভিনয়টা নিয়মিতই করে যেতে চাই ।

শুনলাম নাটক নিয়ে দেশের বাইরে যাচ্ছেন?

হ্যাঁ। আগামী ১৩ জানুয়ারি আসামের শিলচরে যাচ্ছি আমরা। ওখানে ১৪ ও ১৫ জানুয়ারি কোর্ট মার্শাল ও আমিনা সুন্দরী নাটক দুটির মঞ্চায়ন হবে। এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝিতে ত্রিপুরায় কোর্ট মার্শাল নাটকটির মঞ্চায়ন করে এলাম।