অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকদের সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরে নয়, ঈদের আগেই এক সম্মিলনীর আয়োজন করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা। গত সোমবার বিকেলে রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে এই সম্মিলনীর আয়োজন করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। তিনটি সংগঠনের সদস্যদের মধ্যে কুশল বিনিময় এবং সমঝোতা স্মারক নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।গত ২০ জুলাই ছোট পর্দার এই তিন সংগঠনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। পরে সমঝোতা স্মারক নামে তা পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।সম্মিলনীর প্রধান অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক। তিনি বলেন, ‘সবার পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা দিয়ে সংঘের প্রাতিষ্ঠানিক সফলতা আনতে হবে।’মিডিয়াবান্ধব পরিবেশ তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রতিবন্ধকতা নিরসনের আশ্বাস দেন বিশেষ অতিথি তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।প্রডিউসারস অ্যাসোসিয়েশনের প্রধান মামুনুর রশীদ বলেন, ‘রাজনৈতিক প্রতিক্রিয়াশীল মানসিকতা পরিহার করা খুব প্রয়োজন। হঠাৎ করে চ্যানেল বন্ধ করে দিয়ে এই বিশাল শিল্পে অর্থলগ্নির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই শিল্পকে ঘিরে আমাদের শ্রম ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক গাজী রাকায়েত সমঝোতা স্মারকের একটি ধারার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ওই ধারায় প্রতি মাসের প্রথম সোমবার শুটিং কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এতে আরও বক্তব্য দেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তারিক আনাম খান এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক তুষার খান। সঞ্চালক ছিলেন শামসুল আলম বকুল।