অভিনয়শিল্পী এটাই আমার পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী। ছোট ও বড় পর্দার দর্শকদের প্রিয় মুখ। ব্যস্ততা তাঁর এতই বেশি যে আজ নয় তো কাল, কাল নয় তো পরশু—এমনি করেই তিন থেকে চার দিন পর ১৯ ডিসেম্বর পাওয়া গেল তাঁর সময়। রাত পোহালেই চলে যাবেন ভারতে নাট্যোৎসবে যোগ দিতে। সেখান থেকে দেশে ফিরেই আবার সিনেমার শুটিং। কিন্তু এত এত কাজ করে কি কাজের মান ভালো হচ্ছে? চঞ্চল কি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট? এমন সব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি।শুরুটা হয়েছিল মঞ্চে। এরপর মানুষ চিনল গ্রামীণফোনের মায়ের বিজ্ঞাপন দিয়ে। তারপর আমজনতার কাছে হলেন মনপুরার সোনাই—এরপর কী?মঞ্চ তো আমার বেঁচে থাকার প্রেরণা। মায়ের বিজ্ঞাপনচিত্রটি যখন প্রচারিত হলো, তখন লোকে আমার নাম জানত না। দেখলেই বলত, এ যে মায়ের সেই ছেলেটা। এরপর যখন আমি টিভি নাটকে বৃন্দাবন দাস ও সালাহউদ্দিন লাভলুর নাটকগুলোতে কাজ শুরু করলাম, গিয়াস উদ্দিন সেলিমের নাটকে কাজ করলাম, তখন লোকে জানল আমি চঞ্চল চৌধুরী। এরপর আমজনতার কাছে পৌঁছে গেলাম মনপুরা দিয়ে। আমার নামের সঙ্গে ট্যাগ হয়ে গেল মনপুরা। মনে হতো এখান থেকে বেরিয়ে আসা কঠিন। কিন্তু মনের মানুষ ছবি দিয়ে আমি নিজেকে নতুনভাবে চিনতে পেরেছি। মনপুরায় মানুষ আমাকে যেভাবে দেখেছে, মনের মানুষ ছবিতে কিন্তু আবার সেভাবে দেখেনি। সামনে আবার আমাকে মানুষ দেখবে অন্যভাবে। টেলিভিশন-সিনেমায় আমি সোলায়মান হয়ে আসছি। এই ভিন্ন ভিন্নভাবে নিজেকে তুলে ধরার জন্য কঠিন অনুশীলন করতে হয়েছে। সিনেমায় নিজেকে বিভিন্নভাবে আনা যায় হয়তো, কিন্তু নাটকে কোনো ভিন্নতা খুঁজে পাই না। এটা কেন? কারণ হয়তো অনেক। আবার দেখা যাবে কোনো কারণই নেই। ব্যাপারটা হলো এ রকম যে, এখন অনেক চ্যানেল। শিল্পী কম। ফলে অনেক কাজ করতে হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো টিভিতে নাটক থাকছে। আমাকে নিয়ে যাঁরা নাটক নির্মাণ করেন, তাঁরা গ্রামের গল্প নিয়ে আসেন আমার কাছে। এ জন্য মনে হয় যে আমি বোধহয় একই রকম চরিত্রে কাজ করছি। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়।ব্যাপারটা তাহলে কী?ব্যাপারটা হলো আমরা যাঁরা সমালোচনা করি, তাঁরা কোনো নাটক পুরোপুরি না দেখেই বলে থাকি যে চঞ্চল তো টাইপড হয়ে গেছে। ও একই রকম কাজ করে। এখান থেকে বেরোতে পারছে না। কিন্তু আমাকে একটা নাটকের কথা বলুক যে সেই নাটকে আমি আগের নাটকগুলোর মতো কাজ করেছি।এখানে দ্বিমত পোষণ করব। আপনাকে ‘সাকিন সারিসুরি’ বা ‘জামাই মেলা’ নাটক থেকে খুব বেশি কি আলাদা করতে পারি আমরা? আবার এটা তো মানবেন যে বৃন্দাবন দাসের বেশির ভাগ নাটকে আপনাকে একই রকমভাবে কাজ করতে দেখা যায়।আপনি আমার দুটি নাটকের কথা বললেন। অনেক কাজ করি। তার মধ্যে দু-একটা কাজ তো এ রকম হতেই পারে। তার মানে এই নয় যে আমি একটা ঘরানার মধ্যে আবদ্ধ হয়ে গেছি। বরং বলব যে আমি চঞ্চল নিজেকে নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষামূলক কাজ করতে আগ্রহ দেখাই। নতুন একজন পরিচালকের কাজ করতে বেশি উৎসাহ দেখাই। বৃন্দাবন দাসের নাটকের গল্পগুলো এক রকম, তাই সেগুলো এ রকম মনে হতে পারে।আবার যখন অন্য নাট্যকারের কাজ করি, তখন সেখানে কিন্তু বৃন্দাবনের কাজের সঙ্গে মিল থাকে না। তাহলে কীভাবে আমার সব কাজই এক রকম হলো, বলেন?এটা তো মানবেন যে চ্যানেলের কাজের চাপে আপনারা এখন সময়ও তেমন একটা বের করতে পারেন না। আজ পাবনা তো কাল পুবাইল। অথচ শুটিংয়ের আগে আপনি জানেনও না যে কী কাজটা করছেন? ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আপনি স্ক্রিপ্ট পড়ছেন। এভাবে কি কাজ ভালো হয়?আমি এটা মেনে নিচ্ছি। পাশাপাশি আপনাকে এ-ও জানাই যে আমার কাছে যত নাটকের অফার আসে, সেখান থেকে ৮০ ভাগ নাটককে না করে দিই। যে ২০ ভাগ নাটকে কাজ করছি, তাতেই এখন এমন অবস্থা হয়েছে যে মাসের ৩০ দিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে। এর মধ্যেও দু-একটা খারাপ কাজ পড়ে যায়। সেই কাজগুলোর জন্য কথা শুনতে হয়। আর এটা ঠিক যে একটা নাটকের শুটিংয়ের আগে আমাদের মহড়া হওয়া দরকার। কিন্তু সেই সময়টা কে দেবে, বলেন? আমি একা দিলে কি হবে? আমার সঙ্গে অন্য শিল্পী যাঁরা আছেন, তাঁরাও তো ব্যস্ত। এখানে আমার একার কী করার থাকে?তাহলে সেই কাজগুলো করছেন কেন?প্রথমত, এটা আমার রুটি-রুজির উৎস।কিছু কাজ না করলেই পারি, কিন্তু তার পরও অনুরোধগুলো যে জায়গা থেকে আসে, সেগুলো আর না করে উপায় থাকে না। তবে নতুন বছরে আমি নিজেকে নিয়ে কিছু পরিকল্পনা করেছি। মাসে কাজ করব ২০ দিন। ১০ দিন কোনো কাজ নয়। নাটকের চিত্রনাট্য পড়ব। ভালোভাবে নিজেকে অভিনয়ের জন্য তৈরি করব। যে কাজ ভালো লাগবে না, সেগুলো করব না। আর অনুরোধের ঢেঁকি আর গিলব না।এখন কী নিয়ে ব্যস্ত?টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। ২৬ ডিসেম্বর থেকে টেলিভিশনের কাজ করব। ১৪ জানুয়ারি এর কাজ শেষ হবে। আর এই মুহূর্তে আমার নাট্যদল আরণ্যক থেকে কলকাতার দুটি নাট্যোৎসবে যোগ দেওয়ার জন্য ব্যস্ত রয়েছি। ২৫ ডিসেম্বর দেশে ফিরব।এত ব্যস্ততারও মধ্যেও কী করে মঞ্চে নিয়মিত কাজ করছেন?মঞ্চ আমাকে সংস্কৃতিকর্মী হিসেবে জন্ম দিয়েছে। এখন আমি অভিনয় করি। যেখান থেকে আমার জন্ম, সেই আরণ্যকের কথা কি আমি ভুলে যেতে পারি? এ জন্য যত কাজই থাকুক, কৃতজ্ঞতাবোধ বা দায়িত্ববোধ যা-ই বলেন, আমি আমার দলের সঙ্গে আছি এবং থাকব। এখান থেকে যে আনন্দ পাই, সেই আনন্দের কোনো সীমা নেই।মঞ্চে আপনি অনেক প্রাণবন্ত।কিন্তু টিভি নাটকে অভিনয়ের সময় কি নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেন?দেখুন, আমরা শিল্পীরা কাদামাটি। আমাদের যেভাবে গড়াবেন, সেভাবেই বেড়ে উঠব। মঞ্চের নির্দেশনা থাকে এক রকম, সে জন্য সেখানে আমাকে একভাবে দেখেন কিন্তু টিভিনাটকের নির্দেশনা থাকে আরেক রকম, তাই সেখানে মঞ্চের মতো প্রাণবন্ত হয়তো মনে হয় না। তবে চেষ্টা করি একটু ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে।আসাদুজ্জামান নূরদের পরে হাকিম, জাহিদ, তৌকীরদের আমরা দেখেছি। আপনি এবং মোশাররফ করিম এখন নতুন প্রজন্মের শিল্পী হিসেবে কাজ করছেন। তাঁদের স্থায়িত্বটা ছিল অনেক বেশি। আপনারা তাঁদের পথে চলতে পারছেন, নাকি পারছেন না?তখন তো আসলে একটা টিভি চ্যানেল ছিল। এক প্রান্তিকে একটি করে ধারাবাহিক নাটক হতো। ফলে তাঁরা নিজেদের গুছিয়ে নিয়ে খুব সুন্দর করে কাজটা করতে পারতেন। এখন কি সেই সুযোগ আছে? তার পরও আমরা ভালো কাজ করেই কিন্তু আজকে এখানে অবস্থান করছি। তবে আমি নিজেকে কখনোই তারকা বলে মনে করি না। একজন অভিনয়শিল্পী আমি, এটাই আমার পরিচয়।সব পেশাতেই প্রতিযোগিতা থাকে। আপনাদের পেশায় তো প্রতিযোগিতাটা অনেক বেশি। বলা হয়, মোশাররফ করিম এবং আপনার মধ্যেও সে রকম একটা প্রতিযোগিতা আছে। কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে মামা-ভাগনের সম্পর্ক গড়ে উঠেছে এবং যে আন্তরিকতা আমরা দেখি, এটা কি কৃত্রিম, নাকি বাস্তবেই আপনারা একে অন্যের শুভাকাঙ্ক্ষী?অনেকেই এটা জানতে চায়। দেখুন, মোশাররফ এবং আমি দুজনই কাছাকাছি সময়ে বেড়ে উঠেছি। দুজনের সম্পর্কটা হচ্ছে তুইতোকারিতে। আপন মনে করে একে অন্যকে মামা ডাকি। দুজন অনেকগুলো কাজও করছি একসঙ্গে। কাজটা কতটা ভালোভাবে করা যায়, এ নিয়ে আমাদের কথা হয়, অনেক সময় তর্ক হয়। কিন্তু কখনোই আমাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। কারণ, কেউই আমরা সেই মানসিকতার মানুষ নই। বরং কেউ যদি কারও ভালো খবর শুনি, তাহলে একে অন্যকে শুভেচ্ছা জানাই। কোনো কাজ যদি খারাপ হয়, তবে একে অন্যকে গালমন্দ করি। আমাদের সম্পর্কটা খুবই জোরালো।