অভিনয়শিল্পী এলিটা

‘আশফাক নিপুণ যখন আমাকে নাটকের গল্পটি শোনাচ্ছিলেন, তখন দারুণ মজা পেয়েছি৷ ছোট ছোট গল্প৷ শুনে তখন খুব হেসেছিলাম৷’ বললেন এলিটা কনরম৷ তিনি সংগীতশিল্পী৷ তবে প্রথম টিভি নাটকে অভিনয় করেছিলেন ২০০৬ সালে৷ পরিচালক ছিলেন কৌশিক শংকর দাশ৷ নাম সেই তুমি৷ এরপর মুকিম ব্রাদার্স ধারাবাহিকে অভিনয় করেন অতিথি শিল্পীর চরিত্রে৷ এবার তিনি অভিনয় করছেন ভালোবাসা দিবসের নাটকে৷ নাম হোয়াই সো সিরিয়াস?৷
‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রতিযোগিতা থেকে নির্বাচিত হয়েছে গল্পটি৷ লিখেছেন খন্দকার নওশাদুর রহমান৷ নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন আশফাক নিপুণ৷ তিনি জানান, তাঁর নাটকের গল্পটি দুই বিপরীত মেরুর দুজন মানুষকে নিয়ে৷ তাদের চিন্তাধারাও আলাদা৷ একজনের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই৷ বয়সটাও অসম৷ এমনি দুজন মানুষ কি এক জায়গায় মিলতে পারে?
এলিটা জানান, গতকাল শুক্রবার থেকে নাটকটির শুটিং করেছেন তিনি৷ তাঁর সঙ্গে অভিনয় করছেন আবির, অভিনয়ে একেবারেই নতুন৷ ইদানীং বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন৷
হোয়াই সো সিরিয়াস? নাটকটি ভালোবাসা দিবসে প্রচারিত হবে বাংলাভিশনে৷