অভিনয়শিল্পী সংঘের নির্বাচন আগামী বছর
আগামী বছরের শুরুতে নির্বাচন করতে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘ। সাত বছর আগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এতকাল ছিল প্রায় স্থবির। সম্প্রতি নতুন করে নিজেদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা।
গত শনিবার সন্ধ্যায় প্রায় সাত বছর পর একটি সাধারণ সভার আয়োজন করল সংগঠনটি। রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় এই সভায় লিখিত বক্তব্য পড়েন এর সাধারণ সম্পাদক তুষার খান। সভায় অভিনেতা মামুনুর রশীদকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তুষার খান, আহসানুল হক, রোকেয়া প্রাচী, শিরিন বকুল, শামস সুমন, আহসান হাবীব নাসিম (সদস্যসচিব), রওনক হাসান ও সিদ্দিকুর রহমান। আগামী বছরের ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আলী যাকের ও সাধারণ সম্পাদক ছিলেন তুষার খান। এরপর আর নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৬০ জন।