অভিনয়ে অভিষেক লেডি গাগার!
‘ম্যাচেট কিলস’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ম্যাচেট’ ছবির এই দ্বিতীয় সিক্যুয়েলে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন মেল গিবসন, চার্লি শিনের মতো তারকারা। টুইটারে এর সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক রবার্ট রড্রিগুয়েজ ও লেডি গাগা। রবার্ট জানিয়েছেন, ‘লেডি গাগার সঙ্গে “ম্যাচেট কিলস” ছবির কাজ করলাম। দারুণ কাজ করেছেন তিনি। আমার ধারণা, তাঁর অভিনয়-প্রতিভায় মুগ্ধ হবে সবাই।’ টুইটার বার্তার পাশাপাশি রবার্ট ওই চলচ্চিত্রের পোস্টারের একটি লিংকও পোস্ট করেছেন, যেখানে ঠাঁই পেয়েছে গাগার ছবি। এদিকে, লেডি গাগা টুইটার বার্তায় লিখেছেন, ‘হ্যাঁ, সত্যি সত্যিই অভিনয়জগতে জড়িয়ে পড়লাম। রবার্ট রড্রিগুয়েজের “ম্যাচেট কিলস” ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ছবির শুটিংয়ে অংশ নিয়েছি। দারুণ লেগেছে।’এ ছবিতে গাগার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ছবির পোস্টারে লেখা আছে, ‘লা চ্যামেলিয়নরূপী লেডি গাগা’। উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘স্পাই কিডস’ ছবির কয়েকটি চরিত্র নিয়ে ২০১০ সালে রবার্ট তৈরি করেন ‘ম্যাচেট’ ছবিটি। এর আগে ‘সিন সিটি’ ও ‘ডেসপারাডো’ ছবিগুলো পরিচালনা করেছেন রবার্ট।