অভিনয়ে আগ্রহ নেই সুইটির!

অভিনয়ে আগ্রহ নেই অভিনয়শিল্পী তানভীন সুইটির। আর সে কারণেই নাকি এখন হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করছেন। মাছরাঙা টেলিভিশনের ঈদের একটি অনুষ্ঠানে অতিথি হতে এসে এমন কথাই বললেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়। সুইটি বলেন, ‘ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আগে নাটকে অনেক সময় নিয়ে কাজ হতো। এখন মাত্র দুই দিনে, কখনো এক দিনেও নাটক নির্মাণ করা হচ্ছে। সেটে গিয়ে কখনো স্ক্রিপ্ট পেতে হয়। তা ছাড়া এজেন্সি সমস্যা তো আছে।’
সুইটি মনে করেন, এজেন্সির কাছ থেকে টিভি চ্যানেলগুলো নাটক কেনা বন্ধ করে স্বাধীনভাবে আগের মতো নাটক নির্মাণ করলে নাটকের গৌরব আবারও ফিরে আসবে।
জনপ্রিয় মডেল সুইটির টিভি নাটকে অভিষেক হয়েছিল সালমান শাহের বিপরীতে, ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে। এর আগে যুক্ত হয়েছিলেন থিয়েটারে। নাটকে অভিনয়ে আগ্রহ না থাকলেও সুইটি চলচ্চিত্রে কাজ করতে চান। বললেন, ‘সময়-সুযোগ এবং ভালো প্রস্তাব পেলে ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করতে চাই।’
‘রাঙা সকাল’ অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল সাতটায়। রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজক রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।