অভিনয়ে ফিরলেন তনিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান জন্মের প্রায় দুই বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী তনিমা হামিদ। গতকাল বৃহস্পতিবার বিটিভির একটি নতুন ধারাবাহিকে শুটিংয়ের মধ্য দিয়ে তিনি অভিনয়ে ফিরলেন। নাটকের নাম ‘সরল সত্য’। লিখেছেন আবু আল সাঈদ, প্রযোজক মো. জামান। একাত্তর-পরবর্তী মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্টটাই সরল সত্য নাটকের বিষয়বস্তু। এতে মুক্তিযোদ্ধাদের নানা ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে তনিমা হামিদ বলেন, ‘আপাতত নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল না। তবে এ নাটকটার ব্যাপারে বেশ কিছু কারণ আছে। প্রথমত, আবু আল সাঈদের নাটকের মাধ্যমে আমার টিভি নাটকে যাত্রা শুরু হয়। ঠিকানা নামের সেই নাটকটি প্রচারিত হয়েছিল ১৯৮৪ সালে, বিটিভিতে। তিনি আমাকে অনেক দিন ধরে বলে আসছিলেন এবারের নাটকটিতে অভিনয়ের ব্যাপারে। শিডিউল থেকে শুরু করে সব কিছু আমার সময়মতো ঠিক করা হয়। তাই কাজ করতে রাজি হয়েছি।’তনিমা আরও জানান, আপাতত আর কোনো ধারাবাহিক নাটকে কাজ করার ইচ্ছা নেই। ভালো মানের এক ঘণ্টার কিছু নাটকে কাজ করার সম্ভাবনা আছে।তনিমা জানান, সরল সত্যে তিনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। অনেক দিন পর অভিনয় প্রসঙ্গে তিনি জানালেন, গতকাল ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হচ্ছিল এ বুঝি সবগুলো ডায়ালগ ভুলে যাচ্ছি। তবে একপর্যায়ে সবকিছু মোটামুটি বেশ আয়ত্তে চলে আসে। উল্লেখ্য, তনিমা হামিদ সর্বশেষ বছর দুয়েক আগে ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচারিত হচ্ছে।