অভিনয়ে ফিরলেন তনিমা
সন্তানের জন্য প্রায় দুই বছর ক্যামেরার সামনে দাঁড়াননি তনিমা হামিদ। গত বৃহস্পতিবার বিটিভির একটি নতুন ধারাবাহিকে শুটিংয়ের মধ্য দিয়ে তিনি অভিনয়ে ফিরলেন। নাটকের নাম সরল সত্য। নাটকটি লিখেছেন আবু আল সাঈদ। প্রযোজনা করছেন মো. জামান। মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্ট নিয়ে তৈরি হয়েছে সরল সত্য নাটকের গল্প। তনিমা জানান, নাটকে তিনি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তনিমা হামিদ বলেন, ‘আপাতত নাটকে অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না। তবে সরল সত্য নাটকে কাজ করার ব্যাপারে কিছু কারণ আছে। এর গল্পটি মুক্তিযোদ্ধাদের নিয়ে। আর টিভিতে আমি প্রথম যে নাটকে অভিনয় করেছিলাম, সেটি লিখেছিলেন আবু আল সাঈদ। নাম ঠিকানা। আবার তাঁর নাটকে অভিনয় করছি। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। মনে হচ্ছিল, সংলাপগুলো ভুলে যাচ্ছি। তবে কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটি আয়ত্তে চলে আসে।’ধারাবাহিকটি আজ রাতে দেখানো হবে বিটিভিতে।