অভিনয়ে ফিরেছেন দিলারা জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরেছেন অভিনয়শিল্পী দিলারা জামান। স্বামীর অসুস্থতার কারণে অভিনয়ে খুব বেশি সময় দিতে না পারলেও গতকাল রোববার ঈদের নাটকের শুটিং করেছেন তিনি। নাটকের নাম ‘মেয়র’। আহসান হাবীবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এ হক অলীক।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে দিলারা জামান বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বামী অসুস্থ। এখন ওকে নিয়েই আমার সব ব্যস্ততা। দেশে ফিরে বেশ কিছুদিন হাসপাতালেও থাকতে হয়েছে তাঁকে। দেশে ফেরার পর সবাই আমাকে নাটকে অভিনয়ের জন্য বেশ অনুরোধ করছিলেন। কিন্তু স্বামীকে এ অবস্থায় রেখে নাটকের শুটিং করার জন্য মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। গতকাল একটু সুস্থ বোধ করায় আমার স্বামীই আমাকে অভিনয়ের ব্যাপারে উত্সাহ দিয়েছেন। এরপর আধা ঘণ্টা সময় নিয়ে “মেয়র” নাটকের শুটিং শেষ করেছি।’দিলারা জামান আরও বলেন, “‘মেয়র” নাটকে আমার চরিত্রটির উপস্থিতি খুব অল্প সময়ের। নাটকটির পরিচালক এমনভাবে অনুরোধ করছিল যে শেষ পর্যন্ত না বলে থাকতে পারলাম না। তবে আমজাদ ভাই, মিলন থেকে শুরু করে শুটিং ইউনিটের সবাই যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, তাতে অনেক ভালো লেগেছে।’দেশে আসার পর ‘মেয়র’ নাটকের আগে ফেরদৌস হাসানের একটি ঈদের নাটকেরও শুটিং করেছেন দিলারা জামান। এ নাটকটিতেও তাঁর উপস্থিতি খুবই অল্প সময়ের বলে জানিয়েছেন তিনি।