অভিনয়ের অপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার হাত ধরেই ছোট্ট মেয়েটি থিয়েটারে যেত। বাবা অলোক ঘোষের অভিনয় তাকে মুগ্ধ করত। একটু বড় হলো। বাবার সঙ্গে মঞ্চে কাজ শুরু করল মেয়েটি। ২০০৬ সালের কথা। সে সময় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দারুচিনি দ্বীপ-এর নায়িকা খোঁজা হচ্ছে। ‘জরি’ তার খুব প্রিয় চরিত্র। বাবার অনুপ্রেরণায় নিবন্ধন করল। জরি চরিত্রে অভিনয়ের সুযোগ না পেলেও সেরা পাঁচে আসে সে। চট্টগ্রামের মেয়ে অপর্ণার গল্পটা এমনই।স্যুটকেস-সমেত হাজির সেদিন প্রথম আলোর কার্যালয়ে। স্যুটকেসের ওপর লাগানো ট্যাগ দেখে মনে পড়ে গেল সৈয়দ মুজতবা আলীর ‘রসগোল্লা’র ঝান্ডুদার কথা। বিদেশ থেকে এল, নাকি গেল—তার ব্যাগে লাগানো ট্যাগ দেখে বোঝা যেত না। অপর্ণা হেসে বলে, ‘তিন দিন আগে এসেছি। আজ চলে যাব চট্টগ্রামে। পরিবারের সঙ্গে সেখানে থাকি। যখন শুটিং থাকে, সোজা ঢাকা। প্রায়ই আসতে হয়। অভিনয়ের নেশা অন্য রকম। কাজ আছে তো কথা নেই, যত কষ্টই হোক চলে আসি। আর সেই কাজটা যদি ভালো হয়, তাহলে কষ্টের কথা মনে থাকে না।’ গত ঈদে অপর্ণা অভিনীত সৌখিন জাকারিয়ার রচনা ও আরিফ এ আহনাফের পরিচালনায় এক জোড়া কালো জুতোর গল্প বেশ প্রশংসিত হয়েছে। ‘ঈদের পরদিন এনটিভিতে প্রচারিত হয়েছে। অনেক ফোন এসেছে। তবে কাজটি যখন করেছিলাম, তখন বুঝতে পারিনি এতটা প্রশংসা পাব। গল্পটা ভালো লেগেছে। অনেক সময় চিত্রনাট্য পড়ার সময় থাকে না। হয়তো শুটিং স্পটে গিয়ে দেখি। চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার, সংলাপ মুখস্থ করার পর্যাপ্ত সময় বেশির ভাগ সময় পাওয়া যায় না। দ্রুত কাজ শেষ করতে হয়। সে ক্ষেত্রে সব কাজ ভালো হয় না।’এহসান এলাহী পরিচালিত ময়নাতদন্ত, হিমেল আশরাফের উইন্ডো এই দুই ধারাবাহিক প্রচারিত হচ্ছে। তবে অপর্ণার কাছে মোস্তফা সরয়ার ফারুকীর ইন্টারভিউই অন্যতম সেরা কাজ, ‘এখনো মানুষ মনে রেখেছে সেই টেলিফিল্মের কথা। রাস্তায় দেখা হলে কেউ কেউ আমাকে দেখিয়ে বলে, “এই সেই মা।” এমন প্রশ্নও শুনতে হয়েছে, এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন কেন? সব ধরনের চরিত্রে কাজ করতে চাই আমি। এখানে চরিত্র কতটা বৈচিত্র্য এবং নিজেকে মেলে ধরার কোনো সুযোগ আছে কি না, সেটিই বিবেচনা করেছি।’অভিনয়ের সব মাধ্যমে কাজ করা হয়েছে অপর্ণার। চলচ্চিত্রে অভিষেক ঘটেছে মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর মধ্য দিয়ে। ইফতেখার আহমেদ ফাহমির টু বি কন্টিনিউড চলচ্চিত্রেও অভিনয় করছেন অপর্ণা। ‘পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করব না। নানা মাধ্যমে অভিনয় করেছি। সত্যি কথা বলতে কি, মঞ্চে কাজ করলে আত্মতৃপ্তি পাই। মনে হয় প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি। মঞ্চের কাজের মধ্যে শেক্সপিয়ারের ওথেলো, মার্চেন্ট অব ভেনিস প্রিয়। যতবার মঞ্চস্থ হয়েছে এ দুটি নাটক, ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের অভিনীত রবীন্দ্রনাথের গোড়ায় গলদ-এর ইন্দুমতী চরিত্রও ভীষণ প্রিয়। কাজের প্রয়োজনে এসব বই তো পড়তে হয়। তবে জাফর ইকবালের জারুল চৌধুরীর মানিক জোড় কিশোর উপন্যাসটিসহ সব বৈজ্ঞানিক কল্পকাহিনি খুবই ভালো লেগেছে। এ ছাড়া লিও তলস্তয়ের বইও পড়ি।চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেছেন। দুই বোনের মধ্যে অপর্ণা বড়। মা-বাবা দুজনই কর্মজীবী। ‘দেশের বাইরে গেলে সব সময় বাবা আমাদের সেখানকার থিয়েটার দেখাতে নিয়ে যান। সব ধরনের বই এনে পড়তে দেন। বাবা বলেন, “আগে দেখো, পড়ো তারপর শেখো।” সেটি মেনে অভিনয় করার চেষ্টা করছি। ছোটবেলায় বাবার ইচ্ছা ছিল আমি সংগীতশিল্পী হই। গানটা কণ্ঠে ধরে রাখতে না পারলেও অবসরে রবীন্দ্রসংগীত শোনা হয়। আর রান্না করতে ভালোবাসি। একবার খেলে ভুলবে না কেউ।’