অভিনয়ের জাদুকর হতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দার ওপাশে জাদুর দুনিয়া। ইশানা মুগ্ধ চোখে দেখতেন আর ভাবতেন, ইশ্, কবে তাদের মতো অভিনয় করতে পারব। অভিনয়ের জাদু তাকে বরাবরই আকর্ষণ করেছে। সঙ্গে ছিল পরিবারের একটা সুপ্ত স্বপ্ন। সেই স্বপ্নপূরণে এখন তিনি নিজেই এই দুনিয়ার একজন। টিভি পর্দায় প্রিয় সেই মানুষগুলোকে এখন চাইলেই ছুঁয়ে দেখতে পারেন। এটা ভাবলেই রোমাঞ্চিত হন ইশানা। এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী। ‘আমার অডিশন পর্বে বিচারক ছিলেন রিচি সোলায়মান। আগে থেকেই তাঁর অভিনয় আমার ভালো লাগে। সম্প্রতি তাঁর সঙ্গে একটি কাজ করেছি। অনেক ভালো লেগেছে। কাজের এক ফাঁকে বলেছি যে তিনি আমার প্রথম বিচারক ছিলেন। শুনে হেসে বললেন, তাহলে তো আমি ভালো বিচারক। তোমাকে নির্বাচন করেছি।’ মৌনিতা খান ইশানার অভিজ্ঞতার ভান্ডারে এমনই কত গল্প!ঈদ সামনে রেখে ব্যস্ততার শেষ নেই। ‘রোজার শুরুতেই বেশির ভাগ নাটকের শুটিং শেষ করেছি। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। নানা ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয় না। তাই এখন সেটা খানিকটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকগুলো নাটকে কাজ করেছি। কতগুলো প্রচারিত হবে এখনই বলতে পারছি না।’ বলেন ইশানা। এ মুহূর্তে এনটিভিতে টার্মিনাল, বাংলাভিশনে নো প্রবলেম, চ্যানেল আইতে সীমানা পেরিয়ে ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। শিগগিরই আরও দুটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। চয়নিকা চৌধুরীর আকাশের নীচে মানুষ ও এজাজ মুন্নার জেনারেশন নেক্সট ডট। এ ছাড়া বেশ কয়েকটি একক নাটকেও অভিনয় করেছেন ইশানা। যদিও মডেলিং দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ হওয়ার আগে অভিনয়ও করেছিলেন মনকড়া নামের একটি নাটকে। এখানে তাঁর সহশিল্পী ছিলেন লিটু আনাম। পরবর্তী সময়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে নির্বাচিত হওয়ার পর নাটকটিতে কাজ করা সম্ভব হয়নি। ‘কুমিল্লায় বিদ্যা সিনহা সাহা মিম আর আমি একই কলেজে পড়তাম। ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। ছবি পাঠালাম। সব ধাপ পেরিয়ে হয়ে গেলাম প্রথম রানারআপ। তবে আমার পরিবারের খুব সহযোগিতা ও সমর্থন পেয়েছি। কখনোই জোর করে কিছু চাপিয়ে দেয়নি। আমার ইচ্ছাকে তারা প্রাধান্য দেয়।’তিন বোনের মধ্যে ইশানা মেজো। ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) বিবিএ পড়ছেন। দর্শক শিগগিরই ইশানার নতুন দুটি বিজ্ঞাপন দেখতে পাবে। ‘অভিনয় আমার ধ্যানজ্ঞান। তবে বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মনের মতো চিত্রনাট্য ও পরিচালক পেলে চলচ্চিত্রে কাজ করতে আপত্তি নেই। আলোচনাও চলছে।’ অবসর পেলেই বই, বন্ধু আর বাসা। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে ভালোবাসেন। হোক না সে ফেসবুকের বন্ধু। নিজের কাজের সরাসরি প্রতিক্রিয়া জানতে এর থেকে ভালো মাধ্যম আর কী হতে পারে। আর হুমায়ূন আহমেদের বই ছাড়া ইশানার একটি ছুটির দিনও কাটে না। প্রিয় এই লেখকের নতুন বই পেলেই হলো। অমনি পড়া শুরু করেন। এত ব্যস্ততার মাঝে ঈদের কেনাকাটা করেছেন। উপহারও পেয়েছেন। ইশানা বলেন, ‘আমি এখন আয় করি। নিজের টাকা দিয়ে সবাইকে এবার ঈদ উপহার দেওয়ার ইচ্ছা আছে। সব সময় তো নিই, এবার একটু দিতেও চাই।’