অভিনয়ের পর উপস্থাপনায় নির্মলেন্দু গুণ
টিভি নাটকে অভিনয়ের পর এবার উপস্থাপনায়ও নাম লেখালেন কবি নির্মলেন্দু গুণ। বাংলাভিশনের জন্য নির্মিত এ অনুষ্ঠানের নাম ‘উদয় পথের পানে’। সম্প্রতি নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়। নেত্রকোনা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা অজানা এবং ঐতিহাসিক অনেক তথ্য তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটির মাধ্যমে। উদয় পথের পানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, অধ্যাপক, সংগীতশিল্পীসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠান।বাংলাদেশ ও ভারতে এ বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। নির্মলেন্দু গুণ জানিয়েছেন, প্রায় ৮০ বছর আগে ১৯৩০ সালে জোড়াসাঁকো ও শান্তিনিকেতনের বাইরে বাংলাদেশ অঞ্চলে প্রথম নেত্রকোনাতে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়েছিল। দত্ত উচ্চবিদ্যালয়ে এটি পালন করেছিলেন শান্তিনিকেতনের সংগীত ভবনের আচার্য শৈলজা রঞ্জন মজুমদার। এ জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে জন্মবার্ষিকী অনুষ্ঠানটি আয়োজনের বেশ প্রশংসাও করেছিলেন। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষকে সামনে রেখে উল্লিখিত বিষয়গুলিকে ঘিরেই নির্মিত হয়েছে এ উদয় পথের পানে প্রামাণ্যচিত্রটি। এ প্রসঙ্গে নির্মলেন্দু গুণ বলেন, ‘উপস্থাপনার কাজ আমি কখনো করিনি। এটিই প্রথম। অনুষ্ঠানটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু অজানা তথ্য তুলে ধরা হবে।’মামুন খানের প্রযোজনায় উদয় পথের পানে অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ২৫ বৈশাখ রোববার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে।