অভিনয়ের যুবরাজ

খালেদ খান, ডাকনাম যুবরাজ। আমার নাট্যজীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছেন। ভালো মানুষ এবং মজার মানুষ তো তিনি বটেই, তবে তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছি তাঁর অনন্য অভিনয়প্রতিভা এবং সংগীতমনস্কতার টানে। সবার ওপরে তাঁর মধ্যে আমি জগৎ ও জীবন সম্পর্কে একটি বিবাগি দর্শন প্রত্যক্ষ করেছি, যা আমাকে বিমোহিত করেছে। যুবরাজ জাগতিক লোভ-লালসার ঊর্ধ্বে একজন মানুষ। তিনি প্রতিভাবান অভিনেতা হওয়া সত্ত্বেও আমি কখনো তাঁর মুখে কোনো পুরস্কার বা সম্মাননা লাভের বাসনার কথা শুনিনি।
খালেদ খান আমার দৃষ্টি আকর্ষণ করেন, যখন নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত, আলী যাকের নির্দেশিত অচলায়তন নাটকের মুখ্য চরিত্র ‘পঞ্চক’-এর ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখি। এই নাটকে রবীন্দ্রনাথের গান তাঁর কণ্ঠে ভিন্ন দ্যোতনা পেত, তেমনি তাঁর চঞ্চল-মজার-গভীর অভিনয় দেখে আমি তাঁর পাশে দাঁড়িয়ে বিমুগ্ধতার কারণে আমার অভিনীত চরিত্র ‘আচার্যে’র সংলাপ ভুলে যেতাম। হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসংগীত পরিবেশন করা এবং মঞ্চে অভিনয় করার সময় রবীন্দ্রনাথের গান গাওয়ার মধ্যে তফাতটা খুব বুঝতে পারতেন খালেদ।
আমার নির্দেশিত গ্যালিলিও নাটকে খালেদ গ্যালিলিওর শিষ্য আন্দ্রিয়ার ভূমিকায় অভিনয় করতেন। বয়সের দিক থেকে খালেদ আন্দ্রিয়ার চরিত্রে অভিনয়ের জন্যে কিছুটা বড় ছিলেন, কিন্তু তিনি অনায়াসে একটি কিশোর ছাত্রে পরিণত হতেন তাঁর বাচিক ও দৈহিক অভিনয়গুণে। আলী যাকের নির্দেশিত দর্পণ (শেক্সপিয়ারের হ্যামলেট-এর রূপান্তর) নাটকে খালেদের নামভূমিকায় (হ্যামলেট) অভিনয় ছিল দর্শনীয়। ঈর্ষা নাটকে তাঁর অভিনয় ছিল অতুলনীয়। সৈয়দ শামসুল হক রচিত এই কাব্যনাট্য দীর্ঘ সাতটি সংলাপে সমাপ্ত। খালেদ অভিনয় করতেন তরুণ চিত্রশিল্পীর ভূমিকায়। চরিত্রের নাম যুবক। মনে আছে, বাংলা থিয়েটারের কিংবদন্তি পুরুষ শ্রী শম্ভু মিত্র নাটকটি অখণ্ড মনস্কতায় দেখেছিলেন এবং খালেদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন।

কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে পরের দিন নাট্যোৎসবে অন্য একটি নাটক দেখতে গিয়ে শুনতে পাই, কয়েকজন দর্শক নিজেদের মধ্যে খালেদকে দেখিয়ে বলাবলি করছে, যৌবনে শম্ভু মিত্র বাংলাদেশের এই ছেলের মতো অভিনয় করতেন। এমন উক্তি আমাকে বিস্ময়ে হতবাক করে। খালেদ আমার নির্দেশিত রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে বিশুর ভূমিকায় অভিনয় করতেন। নাটকটির ৭৫তম মঞ্চায়নের শারীরিক অসুস্থতার জন্য অভিনয় করতে অসমর্থ হওয়ায় বিকল্প অভিনেতা নাটকটিতে অভিনয় শুরু করেন। খালেদ যেহেতু গান গাওয়া ও সংলাপ প্রক্ষেপণে অতি উৎকৃষ্ট, আমার দেখা অন্তত পাঁচটি রক্তকরবী প্রযোজনায় বিশুর ভূমিকায় খালেদের তুল্য অভিনেতা দেখিনি। নন্দিনীর পরেই রক্তকরবী নাটকে রাজার চেয়ে বিশুকে আমার গুরুত্বপূর্ণ চরিত্র মনে হয়েছে। প্রাত্যহিকতা ও জীবনদর্শনের সমন্বয়ে নাটকে এমন চরিত্র খুব কম দেখা যায়, মনে হয় যেন রবীন্দ্রনাথ স্বয়ং কথা বলছেন। রাতে ঘুমের মধ্যে যেন এখনো শুনতে পাই খালেদ বিশুর কণ্ঠে নন্দিনীর উদ্দেশে গাইছেন, ‘বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক ওগো দুঃখজাগানিয়া’।
আমার অনুজপ্রতিম খালেদ খান, আমার বন্ধু খালেদ খান, আমাদের যুবরাজ আমাদের অনেকের হূদয়জুড়ে আছেন। আছেন তিনি গুণান্বিত ও সাধারণ মানুষ, দুভাবেই। খালেদ খান আমাদের শিল্পের সংসারের একজন পথভোলা পথিক, যাঁকে ভুলে থাকার কোনো উপায় নেই। তাঁর টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ও ছিল সমান মনোগ্রাহী। অপরূপ বাচনভঙ্গী নিয়ে খালেদ খান যুবরাজ ছিলেন বিরল অভিনেতা। তিনি ছিলেন অভিনয়শিল্পেরও যুবরাজ, তাঁর জন্য ভালোবাসা।