নিয়মিত অভিনয় করতে চাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান
হৃদয় খান

গত ঈদুল ফিতরে ছোটপর্দায় অভিষেক হয়েছে সংগীতশিল্পী হৃদয় খানের। ওই ঈদেই তন্ময় তানসেনের ‘ক্ষরণ’, মুহাম্মদ মোস্তাফা কামালের ‘রূপকথার গল্প’ ও এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’ নাটকগুলোতে অভিনয় করেছিলেন তিনি। তিনি বলেন, ‘শখের বসেই অভিনয়।’ ঈদুল আজহাতেও ছিল একাধিক নাটকের প্রস্তাব। আসছে এখনো। কিন্তু নাটকে আর অভিনয় করতে চান না তিনি।
কেন আর অভিনয় করতে চান না জানতে চাইলে হৃদয় খান বলেন, ‘আমি আসলে কখনোই নিয়মিত অভিনয় করতে চাইনি। ওই সময় কাছের মানুষগুলো এমনভাবে ধরেছিলেন আমাকে, শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারিনি। আর নিজেরও খানিকটা শখ ছিল।’ শখ মিটে গেছে কি না জানতে চাইলে হাসতে হাসতে তিনি বলেন, ‘হ্যাঁ, মিটে গেছে। আমি তো অভিনয়শিল্পী নই। যে কাজটা আমার, সেটাই মন দিয়ে করতে চাই। তাই আর অভিনয় করছি না। পুরো সময়টা গানেই দিতে চাই।’
‘ক্ষরণ’ নাটকে তারিন, ‘রূপকথার গল্প’ নাটকে তিশা ও ‘ফিরে যাওয়া হলো না’ নাটকে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন হৃদয় খান।