অভিবাসন-সমস্যা নিয়ে গল্প
‘বিয়ে করে নওশীন ও চঞ্চল এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তাঁদের একটা বাচ্চাও হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে তাঁরা একদিন নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন। হঠাৎই তাঁদের বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। আর এ সমস্যার চিকিৎসা শুধু যুক্তরাষ্ট্রেই আছে। কিন্তু অবৈধভাবে যাওয়ার কারণে বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়েন তাঁরা। আদালতের রায়, কোনোভাবেই তাঁরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। ওদিকে যুক্তরাষ্ট্র ছেড়ে গেলে বাচ্চার চিকিৎসাও হবে না। স্বপ্নভঙ্গ আর বাচ্চার জন্য হতাশায় ভুগতে থাকেন তাঁরা দুজন।’ এই কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি নিউইয়র্ক। নিউইয়র্ক ফিল্ম একাডেমির শেষ বর্ষের ছাত্র ওয়াহিদ আনামের লেখা ও পরিচালনায় এ টেলিছবিতে অংশ নেওয়ার জন্য নওশীন ও চঞ্চল এখন নিউইয়র্কে আছেন।নওশীন বলেন, ‘এর আগেও একই পরিচালকের আমেরিকা ড্রিম টেলিছবিতে কাজ করেছিলাম। শুনেছি, নিউইয়র্ক ফিল্ম একাডেমি এখানে বিভিন্ন উৎসবে নিউইয়র্ক টেলিছবিটি প্রদর্শন করবে। বাংলাদেশের টিভিতেও টেলিছবিটি দেখানো হবে।’চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রতিদিন মাত্র দুই থেকে তিনটি দৃশ্য ধারণ করা হচ্ছে, যাতে ভালো কাজটা বেরিয়ে আসে। আশা করি, কাজটি ভালো হবে।’