এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে নাটক স্বপ্নযাত্রা। প্রসূন রহমানের গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে তিনি অভিনয়ও করেছেন। কথা হলো তাঁর সঙ্গে।‘স্বপ্নযাত্রা’ নাটকটি কবে তৈরি করেছিলেন?এবার কোরবানির ঈদের সময়। আমরা তখন কাতারে গিয়েছিলাম। পুরো নাটকটির শুটিং কাতারেই হয়েছে। দোহা, মরুভূমি এলাকা, কাতার-সৌদি সীমান্ত, বাঙালি-অধ্যুষিত এলাকা, যেখানে বাংলাদেশিরা আড্ডা দেন, থাকেন, কাজ করেন—ওই সব এলাকায় আমরা নাটকটির শুটিং করেছি। আজ কেন হঠাৎ নাটকটি দেখানো হচ্ছে?নাটকটির গল্প মধ্যপ্রাচ্যের অভিবাসী বাংলাদেশি নারী শ্রমিকদের নিয়ে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ নাটকটি প্রচারের উদ্যোগ নিয়েছে।‘স্বপ্নযাত্রা’ নাটকের ভাবনাটি নিয়ে কিছু বলুন।সবাই ভাবেন, মধ্যপ্রাচ্যে শুধু পুরুষ শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু সেখানে নারী শ্রমিকেরও কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে যাঁরা যাচ্ছেন, তাঁদের বেশির ভাগেরই কোনো প্রশিক্ষণ নেই, ভাষাজ্ঞান নেই, কী কাজ করতে হবে, তা জানেন না—এসব কারণে নারী শ্রমিকেরা সেখানে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন। তাঁদের বেশির ভাগই বিভিন্ন আরব-পরিবারে বুয়ার কাজ করেন। তাঁদের বলা হয় ‘খাদ্দামা’। আর এ কাজ করতে গিয়ে তাঁদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। নাটকটিতে আমি ইতিবাচক দিকগুলোর পাশাপাশি তাঁদের সেই দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেছি।এই নাটকে আর কারা অভিনয় করেছেন?তিনজন নারীর গল্প। এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন সুইটি, রুনা খান ও নোভা। তাঁদের সঙ্গে আরও আছেন রিচি, মীর সাব্বির। আমিও আছি। সঙ্গে কয়েকজন স্থানীয় শিল্পীও অভিনয় করেছেন। গল্পটিকে বাস্তবসম্মতভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। অভিবাসীদের নিয়ে আপনি তো আরও কাজ করেছেন।হ্যাঁ, এটিএন বাংলায় প্রচারিত হয়েছে ধারাবাহিক নাটক তোমার দোয়ায় ভালো আছি মা। আরও একটি ধারাবাহিক তৈরি করেছি—মাগো তোমার জন্য। এটিএন বাংলায় আগামী মার্চ মাস থেকে প্রচারিত হবে।