অভিভাবকত্ব ফিরে পেলেন ক্যাথরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসনের তিন সন্তানের অভিভাবকত্ব ফিরে পেয়েছেন দাদি ক্যাথরিন জ্যাকসন। এখন থেকে যৌথভাবে জ্যাকসনের সন্তানদের দেখভালের দায়িত্ব পালন করবেন ক্যাথরিন এবং তাঁর নাতি টিটো জ্যাকসন জুনিয়র। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস আদালত থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।ক্যাথরিন জ্যাকসনের রহস্যময় অনুপস্থিতির কারণে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস আদালত জ্যাকসনের সন্তানদের নতুন অভিভাবক হিসেবে সাময়িক দায়িত্ব দেন ৩৪ বছর বয়সী টিটোকে। ক্যাথরিন ফিরে এলে আবার তাঁকে অভিভাবকত্ব ফিরিয়ে দেওয়া হবে বলেও নির্দেশনা দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।নাতিদের সঙ্গে ১০ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অ্যারিজোনায় দেখা মেলে ৮২ বছর বয়সী ক্যাথরিনের। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি আবারও তাঁকে অভিভাবকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি একা নন, টিটোও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। ২২ আগস্ট একটি শুনানিতে চূড়ান্ত করা হবে, নতুন এ সিদ্ধান্ত স্থায়ী রূপ পাবে কি না। সম্প্রতি এক খবরে এ তথ্য দিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্যাথরিন জানিয়েছেন, ‘টিটোর ওপর আমার পূর্ণ আস্থা আছে। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর থেকে তাঁর তিন সন্তান প্যারিস, প্রিন্স মাইকেল ও ব্ল্যাঙ্কেটকে বেড়ে তোলার জন্য আমি নির্ভর করেছি টিটোর ওপর।’ক্যাথরিন আরও জানিয়েছেন, ‘লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে কিছু দিনের জন্য বাইরে যাওয়ার আগে জ্যাকসন-সন্তানদের দেখভালের দায়িত্ব দিয়েছিলাম আমার কাছের কয়েকজন মানুষকে। আমি ভেবেছিলাম, তাঁদের কাছে আমার তিন নাতি নিরাপদে থাকবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল।’ কিছুদিন আগে পিপল ম্যাগাজিন এক খবরে জানিয়েছিল, ক্যাথরিনের অনুপস্থিতির সময়ে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে জ্যাকসনের সন্তানদের বের করে দিতে চেয়েছিলেন জ্যানেট, র্যান্ডি ও জারমেইন জ্যাকসন। ২৩ জুলাই সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশও ডাকা হয়েছিল।২০০৯ সালে মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে মামলায় জড়িয়েছেন জ্যাকসন-পরিবারের সদস্যরা। জ্যাকসন তাঁর উইলে ভাইবোনদের জন্য কিছু রেখে যাননি। কিন্তু এটা মেনে নেননি জ্যাকসনের ভাইবোনেরা। গত সপ্তাহে তাঁদের কয়েকজনের স্বাক্ষরসংবলিত একটি চিঠিতে দাবি করা হয়, জ্যাকসনের উইলের বিষয়টি আসলে বানোয়াট। উইল কার্যকর করার জন্য যিনি ভারপ্রাপ্ত, তাঁর পদত্যাগের আবেদনও করেন তাঁরা। অবশ্য পরে এই চিঠি থেকে নিজের সমর্থন তুলে নেন জারমেইন জ্যাকসন। এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকে নানা কারণে আমার মা ক্যাথরিন জ্যাকসন প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন। আমি চাই, জ্যাকসন পরিবারে শান্তি ফিরে আসুক।’