অভিমান নিয়েই চলে গেল রবীন ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন ঘোষ
রবীন ঘোষ

‘রবীন ঘোষ নেই’—১৩ ফেব্রুয়ারি সকালে খবরটা পেলাম। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মনে অনেক কথা ভিড় করছে। আজ থেকে ৬৫ বছর আগে প্রথম রবীনকে দেখি তার ওয়ারীর বাসায়। তার ছোট বোন ভায়োলেট আমার বন্ধু। সম্ভবত কনভেন্ট স্কুলে একসঙ্গে পড়তামও। নাজিমউদ্দীন রোডের রেডিও অফিসে ‘খেলাঘর’ অনুষ্ঠানে আমরা একসঙ্গে গান গাইতাম। নাটকও করতাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে আমি ‘অমল’ চরিত্র আর ভায়োলেট ‘সুধা’ চরিত্রটি করে।
ষাটের দশকের প্রথম দিকেই পরিচালক এহতেশামুর রহমান চাচা, যঁাকে সবাই ‘ক্যাপ্টেন সাহেব’ নামে চিনত। একদিন তিনি এসে আমাকে অনুরোধ করলেন, তাঁর একটি ছবিতে যেন রবীনের সঙ্গে আমি সংগীত পরিচালনা করি। তখন ঢাকায় সিনেমা তৈরি শুরু হয়েছে মাত্র। আমার প্রথম প্লেব্যাক আসিয়া ছবিতে। ঠিক এই সময় রবীন ঘোষকে সংগীত পরিচালনার ভার দেওয়া হচ্ছে। আমি তো অবাক! কিছুতেই রাজি হচ্ছি না। একদিন রবীনকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন চাচা আমাদের বাসায় এলেন। বললেন, রবীন আমার সঙ্গে কাজ করবে।
দেখলাম, ফরসা তরুণ যুবক সাদা শার্ট, সাদা প্যান্ট, পায়ে সাদা জুতা। দেখেই বোঝা যায়, খুবই রুচিশীল মানুষ। আমি তখন সবে গাইতে শুরু করেছি। নাছোড়বান্দা ক্যাপ্টেন চাচা আমার কোনো অজুহাতই শুনলেন না।
রবীনের ডাকনাম ছিল হিটলার। তাকে দেখে সব সময় আমার মনে একটাই প্রশ্ন জাগত, এমন নিরীহ ঠান্ডা একজন মানুষকে সবাই হিটলার বলে কেন ডাকে? শুরু হলো গান সুর করা, আমাদেরই বসার ঘরে—গীতিকবি আজিজুর রহমান, আমি আর রবীন ঘোষ। প্রথম গানটিই আমরা সুর করি—‘এই রাত বলে ওগো তুমি আমার, ওই চাঁদ বলে ওগো তুমি আমার’। এরপরের গান ‘এই সুন্দর পৃথিবীতে আমি এসেছিনু কিছু নিতে’। রবীন গানের সঙ্গে মুখে মুখেই মিউজিক বানাতে থাকল। এভাবে দুটি গান তৈরি হলো।
মনে পড়ে প্রথম রেকর্ডিংয়ের কথা। রেকর্ডিংয়ের দুই দিন আগেই যন্ত্রীদের নিয়ে চলল দুটি গানের মহড়া। এই দুটি গান ধারণ করা হলো এফডিসির স্টুডিওতে। রেকর্ডিং করা হয় সারা রাত ধরে। স্বনামধন্য সংগীত পরিচালক মুসলেহউদ্দীন আমার সঙ্গে পিয়ানো বাজালেন। রেকর্ডিংয়ের পরে সবাই খুশি। এরপর ফরিদা ইয়াসমীন, আঞ্জুমান আরা—এঁদের কণ্ঠেও গান রেকর্ড করা হলো। প্রত্যেকেই জীবনে প্রথম প্লেব্যাক করলেন। আমাদের ছোট্ট বসার ঘর তখন সুরে ভরপুর।

ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমান


এর মধ্যে ঢাকায় একটি অনুষ্ঠানে তালাত মাহমুদ এলেন গান করতে। ক্যাপ্টেন সাহেব সুযোগ বুঝে তাঁকে রাজি করালেন এবং দুটি গান তাঁকে দিয়ে রেকর্ড করালেন। এর একটি ‘তোমারে লেগেছে এতো যে ভালো’। এর পরের ছবি হারানো দিনে। এই ছবির প্রতিটি গানই সুপারডুপার হিট। আমার গাওয়া ‘আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি’ এখনো সমান জনপ্রিয়। তারপর ‘জানি না মন যে দোলে বাঁশির সুরে, আমি যে পারি না গো রহিতে’।
এ ছবিতেই আমরা পেলাম দারুণ প্রতিভাময়ী মিষ্টি একজন নায়িকা—‘শবনম’। ক্যাপ্টেন চাচা একটু চিন্তায় ছিলেন, কারণ নায়িকা এত রোগা যে দর্শক গ্রহণ করবেন কি না। আমি বললাম, ‘চাচা, অড্রে হেপবার্নকে দেখে কী মনে হয়? তিনি অভিনয় ক্ষমতাতেই বিশ্ব জয় করেছেন।’ কথাটা ক্যাপ্টেন চাচার মনে ধরল। সেই ঝর্ণা বসাক চমৎকার নৃত্যশিল্পী, রাতারাতি হয়ে গেলেন ‘শবনম’।
এরপর থেকে রবীন ও শবনম মন দেওয়া-নেওয়ার পরে বিয়ে করে ফেলল তারা।
ওই সময় ক্যাপ্টেন চাচা ঠিক করেন, এ দেশেই তিনি এ দেশের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে উর্দু ছবি বানাবেন এবং করলেনও তা-ই। প্রথম ছবি চান্দা সারা পাকিস্তানে সুপারহিট। দোসানী সাহেবের উৎসাহে তিনি একটার পর একটা অসম্ভব জনপ্রিয় ছবি বানালেন—তালাশ, চকোরী। প্রতিটিতে কালজয়ী কিছু গান উপহার দেয় রবীন—‘ও পরদেশিয়া আয়া’, ‘কুছ আপনি কহিয়ে কুছ মেরি সুনিয়ে’, ‘কাহা হো তুমকো ঢুন্ড রেহে হে’—এ রকম আরও অনেক। পাশাপাশি কয়েকটি বাংলা ছবিতেও সুর করল রবীন। এর মধ্যে নাচের পুতুল ছবিতে ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ রাজ্জাকের মুখে এ গানে তখন সবাই মুগ্ধ। আবদুল জব্বারের ‘পিচ ঢালা এ পথটারে’, শাহনাজের গাওয়া ‘ফুলের কানে ভ্রমর এসে’, সাবিনার কণ্ঠে ‘ভুলে গেছি ওগো স্বরলিপি নেই’—এমনই অনেক অনেক জনপ্রিয় গান।
এরপর রবীন-শবনম চলে যায় পশ্চিম পাকিস্তানে। সেখানে নিয়মিত উর্দু ছবিতে কাজ শুরু করে। একদিকে রবীন, অন্যদিকে শবনম—দুজন বাঙালি তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
একসময় দুজনই আবার ফিরে আসে বাংলাদেশে। কিন্তু এখানে রবীনের মেধাকে কেউ আর কাজে লাগাতে পারেনি। ভদ্র, নম্র, রুচিশীল একটা মানুষ রবীন। সব সময় হাসি-খুশি, খুবই কৌতুকপ্রিয় একজন মানুষ ছিল সে।
সে তার বেশির ভাগ সময়ই কাটাত বারিধারার বাসায়। কোথাও যেত না। হঠাৎ সে যেন কাউকে কিছু না বলে অভিমান নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেল নীরবে। এই সুন্দর পৃথিবী থেকে সে কিছু না নিয়েই চলে গেল।