অভিযান অব্যাহত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনে দুজনের কথোপকথন।‘চাক্কা পাইছেন।’‘ভাই, ভাই, আমার ক্ষতি কইরেন না। অনেক কষ্টে ছবিটা বানাইছি। এমনিতেই ছবির বাজার ভালো নয়। এবার ছবিটা একটু ভালো গেছে। এখন যদি এই জিনিস বাজারে ছেড়ে দেন, তাহলে তো মরে যাব।’‘ঠিক আছে। টেকা দিবেন পাঁচ লাখ। কাউরে কিছু কইছেন তো চাক্কা কলাম বাজারে ছাইড়া দিমু।’মুঠোফোনের সংযোগ কেটে যায়।মাথায় দুই হাত চেপে ধরেন কথোপকথনের দ্বিতীয় ব্যক্তি। ঊর্ধ্বশ্বাসে টাকা জোগাড় করে একটি বেসরকারি পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন। কথোপকথনের প্রথম ব্যক্তি কে?তার পরিচয় কী? তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ধরে নেওয়া হয়, এরা ভিডিও পাইরেসির সংঘবদ্ধ একটি দলের নেতা। এই দলের নেতৃত্বে আছে বগুড়ার হাকিম, খুলনার পোস্টার মিলন ও কুষ্টিয়ার বিপ্লব।কথোপকথনের দ্বিতীয় ব্যক্তি একটি চলচ্চিত্রের প্রযোজক। ছবি মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর কাছে একটি ভিডিও সিডি পাঠানো হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেখানে তাঁর মুক্তি পাওয়া ছবির কিছু অংশ ছিল। ‘ক’ আদ্যক্ষরের এই প্রযোজক টাকা দিয়েছেন, কিন্তু তার পরও চার মাস যেতে না-যেতেই ছবিটির সিডি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। প্রযোজকের কান্না দেখে সেদিন উপস্থিত অনেকেই কেঁদেছেন।বাংলা চলচ্চিত্র অশ্লীলতার অভিশাপ থেকে মুক্ত হয়ে ভিডিও পাইরেসির (বাংলা ছবির অবৈধ ভিডিও সিডি) কবলে পড়ে। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ভিডিও পাইরেসির শিকার হয়ে মোট ২২ জন প্রযোজক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে চলচ্চিত্রশিল্প ছেড়ে চলে গেছেন।বিষয়গুলো নিয়ে যখন সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হয়, তখনই টনক নড়ে প্রশাসনের। র‌্যাব ও চলচ্চিত্রের অশ্লীলতা, ভিডিও প্রতিরোধের টাস্কফোর্স সাঁড়াশি অভিযান চালিয়ে আটক করে পোস্টার মিলন ও বিপ্লবকে।এ দুজনকে গ্রেপ্তারের পর চলচ্চিত্রে নেমে এসেছে স্বস্তির বাতাস। এরই মধ্যে হাকিম আত্মগোপন করেছেন। ফলে কিছু সময়ের জন্য হলেও ভিডিও পাইরেসি সংঘবদ্ধ দলের দৌরাত্ম্য কমেছে।চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও শিল্পী-কুশলীদের দাবি, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।এ বিষয়ে অভিনয়শিল্পী রাজ্জাক বললেন, ‘ভিডিও পাইরেসির যন্ত্রণা আসলে সে-ই বুঝবে, যে এর কবলে পড়েছে। আমি দুটি ছবি ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার পরও একটি ছবি যখনই পাইরেসির কবলে পড়ল, তখনই বড় ধরনের লোকসানের মুখে পড়ে গেলাম। এই যে আজকে ছবির নির্মাণসংখ্যা কমে গেছে, এর জন্য দায়ী হচ্ছে ভিডিও পাইরেসি। দুজন ধরা পড়েছে। এখন কথা হচ্ছে, এরা যে দুই দিন পর বেরিয়ে আসবে না, তার নিশ্চয়তা কে দেবে? আমার অনুরোধ, এ অভিযান যেন অব্যাহত থাকে।’বিপ্লব ও মিলনের গ্রেপ্তারের কারণে ভিডিও পাইরেসির শিকার হচ্ছে না নতুন ছবি, তবে আগে যে ছবিগুলো পাইরেসি হয়েছে, সেগুলো উদ্ধার করা প্রয়োজন বলে মনে করেন প্রযোজকেরা। প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমার একটি ছবি পাইরেসি হওয়ার পর আর সেই ছবি কেউ নিতে চায় না। এ রকম অনেক ছবির পাইরেটেড সিডি দোকানে দোকানে রয়ে গেছে। এগুলো যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জব্দ না করেন, তবে এ অবৈধ কাজটি চলতেই থাকবে। তাই সরকারের কাছে আহ্বান, দ্রুত ভিডিও দোকানগুলোয় অভিযান চালিয়ে অবৈধ ভিডিও সিডি জব্দ করে আমাদের বাঁচান।’শিল্পী সমিতির সভাপতি গত সপ্তাহে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হককে এক আলোচনা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘অনেক শিল্পীই এখন বেকার হয়ে গেছেন। তাঁদের হাতে কোনো ছবি নেই।’ তিনি আরও বললেন, ‘থাকবে কেমন করে? একটি ছবি মুক্তির সাত দিনের মধ্যেই যদি ওই ছবির ভিডিও সিডি বাজারে চলে আসে, তখন আর কে প্রেক্ষাগৃহে যায়? আমরা এখন শেষ পর্যায়ে আছি। এই পাইরেসি যদি বন্ধ না হয়, তবে একদিন আর কেউ এফডিসিতে আসবে না।’এদিকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ভিডিও পাইরেসি বন্ধে এরই মধ্যে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও পাইরেসি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে টাস্কফোর্সের আহ্বায়ক মেজর মাসুম আহমেদ বলেছেন, যারা মূল হোতা, তাদের চিহ্নিত করে একে একে ধরা হচ্ছে। অন্য যারা আছে, তাদেরও ধরা হবে এবং যেসব স্থানে পাইরেটেড সিডি আছে, সেগুলো উদ্ধারে র‌্যাব কাজ করছে।পুলিশ কমিশনার শহীদুল হক বলেছেন, মূল হোতা ছাড়াও যারা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।