অভিযানে গোবিন্দ-সঞ্জয়-শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এমন অনেক স্কুল আছে যেখানে পানীয় জল, শৌচাগার, এমনকি প্রয়োজনীয় অবকাঠামো নেই। সেসব স্কুল ও স্কুলের শিক্ষার্থীদের সহায়তার জন্য টেলিভিশন চ্যানেল এনডিটিভি একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘সাপোর্ট মাই স্কুল’ নামে এক অভিযানে নেমেছে টেলিভিশন কর্তৃপক্ষ। যেখানে বলিউড তারকা গোবিন্দ, সঞ্জয় দত্ত ও ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১২ ঘণ্টার লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তারকারা দর্শকদের কাছে তহবিল গঠনের আহ্বান জানাবেন। ‘এমন একটা অভিযানে নামার মওকা পেয়ে আমি খুবই আনন্দিত। প্রত্যেক ছেলেমেয়েকে যথাযথ শিক্ষা দেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে গাঁয়ের মেয়েরা অনেকেই এখনো স্কুলে যায় না।’ আক্ষেপ করে বললেন শচীন। এনডিটিভির কর্মযজ্ঞে এই তিন তারকার সঙ্গে আরও সামিল হবেন অভিনেতা বোমান ইরানি, শিল্পী শঙ্কর মহাদেবন ও শিশু তারকা দার্শিল সাফারি। আইএএনএস।