অভিরুচিতে অনেক দিন পর আবার দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের অভিরুচিতেও ঈদ উপলক্ষে বেশ দর্শক উপস্থিতি ছিল
বরিশালের অভিরুচিতেও ঈদ উপলক্ষে বেশ দর্শক উপস্থিতি ছিল
ঈদের ছবির বয়স এক সপ্তাহ পেরোল। রাজনীতি, নবাব, বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম। তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন ঈদের ছবি। দেশের বিভাগীয় শহরগুলোর প্রেক্ষাগৃহে ঈদ কতটা আনন্দ নিয়ে এসেছে, সেই খবর জানিয়েছেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা। গতকাল প্রথম পর্বে ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেটের প্রেক্ষাগৃহের চিত্র প্রকাশিত হয়েছিল। শেষ পর্বে থাকছে আরও চার শহরের চিত্র। ঈদের ছবি চলছে বেশ

বরিশালে একসময় চারটি প্রেক্ষাগৃহ চালু ছিল। দর্শকখরায় অনেক আগেই বন্ধ হয়ে গেছে কাকলী, সোনালী ও বিউটি হল। সেগুলো এখন বিপণিবিতান। একমাত্র হল ‘অভিরুচি’তে ঈদে চলছে বস ২। প্রায় এক বছর পর ঈদের ছবি দেখার জন্য বেশ দর্শক উপস্থিতি ছিল ওই হলে।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রেক্ষাগৃহে ৮০০ আসন ছিল। বর্তমানে ৫৫০ আসন ব্যবহারের উপযোগী আছে। সারা বছর হল শূন্যই থাকে। দর্শক না হওয়ায় অনেক সময় শো বন্ধ রাখা হয়। ঈদের সময় দর্শক বাড়ে।

অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক অমূল্য রতন বর্ধন প্রথম আলোকে বলেন, বস ২-এর একটি শোতে গড়ে ৪৫০ থেকে ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, দর্শকশূন্যতায় বরিশালের হলগুলো বন্ধ হয়ে গেছে। এই হলটিও চালিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ঈদের সময় বাদ দিলে হলে দর্শক হয় ৫০ বা তারও কম। ২০-এর কম হলে নানা অজুহাতে শো বন্ধ রাখা হয়। দর্শকদের টাকা ফিরিয়ে দেওয়া হয় তখন।

অভিরুচি হলে এক মাসের দর্শক উপস্থিতির তালিকা থেকে জানা যায়, গত মে মাসে ২ হাজার ৮৩ জন দর্শক সিনেমা হলে এসেছেন। এর মধ্যে সমতার (তৃতীয় শ্রেণি) দর্শক ছিলেন ৬৯৩ জন, সুধী (দ্বিতীয় শ্রেণি) ৮২২ ও বিলাস (প্রথম শ্রেণি) ৫৬৮ জন। বক্স ছিল শূন্য। প্রতিদিন গড়ে ৬৯ জন দর্শক হলে এসেছেন। আর প্রতি শোতে গড়ে দর্শকের সংখ্যা ছিল মাত্র ২৩।