অভিষেক-কারিনা মিটমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকের অভিষেক হয়েছিল কারিনার বিপরীতে। বলিউডের ঝলমলে রঙিন দুনিয়ায় একসঙ্গে পথচলা শুরু করলেও দুজনার দুটি পথ দ্রুতই দুটি দিকে গেছে বেঁকে। রিফিউজির পর ২০০৩ সালে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁতে। গত এক দশকে কারিনা কাপুর ও অভিষেক বচ্চন আর একটি ছবিতেও কাজ করেননি একসঙ্গে!
বড় বোন কারিশমার সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়া, সেই সূত্রে বচ্চন-কাপুর পরিবারের সম্পর্কের জল ঘোলা থেকে ঘোলাতর হয়ে ওঠাই এর কারণ। কিন্তু এরপর গঙ্গা-যমুনা দিয়েও তো অনেক জল বয়ে গেছে। শোনা যাচ্ছে, আবার জুটি বাঁধছেন এই দুই তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে ওএমজি-এর পরিচালক উমেশ শুক্লার নতুন ছবি মেরে আপনেতে অভিষেকের বিপরীতে অভিনয় করবেন কারিনা। ছবিটি নিয়ে গত বৃহস্পতিবার কারিনার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পরিচালক। অবশেষে সোমবার স্ক্রিপ্টটি শোনার জন্য রাজি হয়েছেন কারিনা। মুম্বাই মিরর।