অভিষেককে ছাড়াই ঐশ্বরিয়া
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের প্রায় চার বছর হতে চলল। এই চার বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে এই তারকা দম্পতি একসঙ্গে উপস্থিত থাকার চেষ্টা করেছেন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ৮৩তম একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। এবার তাঁদের আবারও সুযোগ এসেছে কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় হাঁটার। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যাওয়া হচ্ছে না বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই অনেকটা বাধ্য হয়ে একাই কান চলচ্চিত্র উত্সবে যাবেন ঐশ্বরিয়া। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিষেক জানান, কান চলচ্চিত্র উত্সবে এবার আমার যাওয়া হচ্ছে না। কারণ এবার আমাকে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য রাশিয়াতে থাকতে হবে। রাবণ ছবির প্রচারণার কাজে গতবারও আমরা একসঙ্গে সেখানে অংশ নিয়েছিলাম। জানা গেছে, কান চলচ্চিত্র উত্সবে এ নিয়ে দশমবারের মতো অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর এ নিয়ে বেশ গর্বিতও অভিষেক। বলিউড অভিনেতা অভিষেক আরও জানান, আমি খুবই গর্বিত অ্যাশের এ ধরনের অর্জনে। আমি মনে করি, এটা শুধু অ্যাশের পক্ষেই সম্ভব।উল্লেখ্য, আগামী ১১ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উত্সবের এবারের আসর। চলবে ২২ মে পর্যন্ত।