অভিষেকেই মনকাড়া আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মঞ্চে গতকাল নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ l ছবি: সাইফুল ইসলাম
জাতীয় নাট্যশালার মূল মঞ্চে গতকাল নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ l ছবি: সাইফুল ইসলাম

বাতি জ্বলতেই দেখা গেল চেনা একটি উজ্জ্বল মুখ। সাদিয়া ইসলাম মৌ। বাফার শিল্পীদের নিয়ে বাজনার তালে তিনি চমৎকার একটি মন ভালো করা নাচ উপহার দিলেন দর্শকদের।
গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুর পরিবেশনা এটি। শিল্পকলা একাডেমির কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক অভিষেক উপলক্ষে এই আয়োজন করেছে সংগঠনটি। অভিষেকেই মনকাড়া অনুষ্ঠান উপহার দিলেন তাঁরা। উদ্বোধনী নৃত্যের পর মঞ্চে এসে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বরণ করে নেন অতিথিরা। পরিষদের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শিল্পকলা একাডেমির কর্মচারীদের পরিবহন, আবাসন ও চাকরি স্থায়ীকরণসহ সব ধরনের যৌক্তিক দাবি নিয়ে পর্যায়ক্রমে কাজ করব আমরা।’
আয়োজনের শুরু থেকে পরতে পরতে যত্ন ও রুচির ছাপ প্রশংসিত হয় উপস্থিত দর্শক ও অতিথিদের কাছে। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি করেন বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। এঁদের মধ্যে অন্যতম শিল্পী রফিকুল আলম, সমীর বাউল, সালমা, রাজীব, পুলক রেশমী; আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, নাচ করে সৃজনশীল সাংস্কৃতিক ঐক্য ও ঢাকা সাংস্কৃতিক দল।