অভিষেকের অ্যালার্জি
বলিউড তারকা অভিষেক বচ্চন অ্যালার্জিক সমস্যায় ভুগছেন, তবে এটা শারীরিক অ্যালার্জি নয়। এটা মানসিক অ্যালার্জি। মানসিক এ অ্যালার্জিটি তাঁরই বউ ঐশ্বরিয়া রাইকে উদ্দেশ করে বলা একটি শব্দকে ঘিরে। অভিষেক ও ঐশ্বরিয়া যখন কোনো অনুষ্ঠানে অংশ নেন তখনই এ বিপত্তিটা দেখা দেয়। কারণ, অনুষ্ঠানে আসা প্রায় প্রত্যেক অতিথি ঐশ্বরিয়াকে উদ্দেশ করে বলেন, ‘ইউ আর লুকিং সো গর্জিয়াস।’ এ শব্দটি শুনতে শুনতে অভিষেকের কান একেবারে ঝালাপালা। দেখা যায় একটি অনুষ্ঠানে এ কথাটি কমপক্ষে ডজনবারেরও বেশি শুনতে হয়। অভিষেক আবার ব্যঙ্গ এবং মজা করে বলেন, ‘কেউ তো আমাকে এসে বলে না এ কথা।’ এ জন্য অবশ্য জুনিয়র অমিতাভ এ শব্দটিকে তীব্র ঘৃণা করতে শুরু করেছেন। তিনি আরও বলেন, ‘ভক্তরা বলে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যায় আমাদের সহকর্মীরা এবং বেশির ভাগ মিডিয়া ব্যক্তিত্ব যখন অ্যাশকে দেখামাত্র এ কথাটি বলেন তখন মেজাজ খারাপ হয় আর কি।’