অভিষেকের আগেই ওজন বাড়াচ্ছেন আতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিরো’ ছবির রিমেকে জুটি বেঁধেছেন সুরজ পাঞ্চোলি ও আতিয়া শেঠি
‘হিরো’ ছবির রিমেকে জুটি বেঁধেছেন সুরজ পাঞ্চোলি ও আতিয়া শেঠি

‘হিরো’ ছবির রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে অভিনেতা সুনীল শেঠির মেয়ে আতিয়া শেঠির। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা সুরজ পাঞ্চোলি। ছবির শুটিং শুরু হচ্ছে আগামী নভেম্বরে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পাঁচ কেজি ওজন বাড়ানোর নির্দেশনা পেয়েছেন আতিয়া। নির্ধারিত সময়ের মধ্যে ওজন বাড়ানোর জন্য সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এই তারকা সন্তান।
১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত সাড়া জাগানো ছবি ‘হিরো’। ছবিটির প্রধান দুটি চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী। এবার ছবিটির রিমেকে আতিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘কাল হো না হো’খ্যাত নির্মাতা নিখিল আদভানি।
পুরোপুরি প্রস্তুত হয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান আতিয়া। ওজন বাড়ানোর নির্দেশনা পাওয়ার পর শরীরচর্চা প্রশিক্ষকের পাশাপাশি পুষ্টিবিদের কাছে ছুটে যান তিনি। তাঁদের তত্ত্বাবধানে শরীরের ওজন বাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তিন মাসের কম সময়ে যে করেই হোক পাঁচ কেজি ওজন বাড়াতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
আতিয়ার বলিউড অভিষেক প্রসঙ্গে তাঁর বাবা সুনীল শেঠি বলেন, ‘বলিউডে অভিষেক নিয়ে সে অনেক বেশি সিরিয়াস। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে নানা ধরনের প্রশিক্ষণ নিচ্ছে সে।’ আতিয়ার সহ-অভিনেতা সুরজ সম্পর্কে সুনীলের মন্তব্য, ‘সুরজ ভদ্র ও মিষ্টভাষী। আমি নিশ্চিত সে নির্দোষ। তাঁর বাবা আদিত্য পাঞ্চোলির বিতর্কিত ভাবমূর্তির কারণেই সবাই সুরজকে দোষী মনে করছেন।’  

আতিয়া এর আগেও বলিউডের প্রথম সারির একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু হালকা গড়নের কারণে অভিনয়ের সুযোগ পাননি তিনি। অডিশনের সময় আতিয়া সম্পর্কে শিল্পী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্তদের মন্তব্য ছিল, তাঁর মতো লম্বা ও হালকা গড়নের কেউ বলিউডে নয়, আন্তর্জাতিক মডেল হিসেবেই বেশি মানানসই।

প্রয়াত অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বলিউড অভিষেকের আগে রীতিমতো খলনায়কে পরিণত হন সুরজ। গত ৩ জুন জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার দায়ে ভারতীয় পেনাল কোডের ৩০৬ ধারায় জেল খাটলেও পরে জামিনে মুক্তি পান সুরজ। এখন ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবিটির সহপ্রযোজক বলিউডের আরেক বিতর্কিত অভিনেতা সালমান খান। বলিউডে সুরজকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।