অভিষেকের ক্যারিয়ার নিয়ে নাখোশ অমিতাভ!
ছেলে অভিষেক বচ্চনের বলিউড ক্যারিয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও অভিষেক তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না বলে মত দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি এক সাক্ষাত্কারে ছেলে অভিষেক সম্পর্কে অমিতাভ বলেন, ‘সন্তানের কষ্ট কিংবা খারাপ সময় দেখলে প্রত্যেক বাবার হূদয়ই কেঁদে ওঠে। সন্তানের দুঃসময় যাতে কেটে যায়, সে জন্য প্রত্যেক বাবাই সর্বোচ্চ চেষ্টা করেন। একজন বাবা ও অভিনেতা হিসেবে অভিষেকের জন্য আমার কষ্ট হয়। কারণ, অভিনয়ে যথেষ্ট পারদর্শিতা থাকার পরও সাফল্যের শীর্ষবিন্দু ছুঁতে পারছে না সে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। অমিতাভ আরও বলেন, ‘কাজ নিয়ে আমার ও অভিষেকের মধ্যে খুব বেশি আলোচনা হয় না। তবে কোনো বিষয়ে পরামর্শ বা উপদেশের প্রয়োজন হলে সে আমার কাছে আসে। তার প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি আমি।’ক্যারিয়ারের অবস্থা যতই টালমাটাল হোক না কেন, ব্যক্তিজীবনে অভিষেকের সাফল্য যে শতভাগ সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কেননা, শতাব্দীর অন্যতম আলোচিত অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর বাবা। আর জীবনসঙ্গী হিসেবে অভিষেক পেয়েছেন পৃথিবীর সবচে সুন্দরী নারী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। সব মিলিয়ে অভিষেকের ভাগ্যের তারিফ না করলেই নয়।