অভিষেকের হাত থেকে পুরস্কার নিলেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চনের হাত থেকে পুরস্কার নিচ্ছেন ‘দ্য পোস্টার’ ছবির পরিচালক আসিফ খান
অভিষেক বচ্চনের হাত থেকে পুরস্কার নিচ্ছেন ‘দ্য পোস্টার’ ছবির পরিচালক আসিফ খান

বলিউডের তারকা অভিনেতা অভিষেক বচ্চনের হাত থেকে সেরা ছবির পুরস্কার নিয়েছেন বাংলাদেশের নির্মাতা আসিফ খান। ‘দ্য পোস্টার’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন আসিফ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ রুপি। জহির রায়হানের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ভারতের মুম্বাইতে ইয়াপ টিভি আয়োজন করেছিল ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০১৫’। এই আসরেই সেরা ছবির পুরস্কার জিতেছে ‘দ্য পোস্টার’।


২৩ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুর জে ডব্লিউ ম্যারিয়টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের নির্মাতা আসিফ খানের হাতে সেরা ছবির পুরস্কার তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান অভিষেক বচ্চন।
গতকাল শনিবার দেশে ফিরেছেন আসিফ খান। এখন তিনি আছেন নাটোরে, নিজ বাসায়।

আজ সকালে মুঠোফোনে আসিফ বলেন, ‘আমি বাংলাদেশের ছেলে জানতে পেরে অভিষেক বচ্চন একটু অবাকই হয়েছেন। আমার পড়াশোনা এবং অন্য কাজের ব্যাপারেও তিনি জানতে চেয়েছেন।’

এই প্রতিযোগিতায় ৪০৭টি ছবি অংশ নিয়েছিল। এর মধ্য থেকে ২০টি ছবি চূড়ান্ত করা হয়েছিল মূল প্রতিযোগিতার জন্য। এখানে বিচারক হিসেবে ছিলেন অনুরাগ কাশ্যপ, সুধীর মিশ্র এবং কেতন মেহতা।

আসিফ খান আরও জানিয়েছেন, তাঁর পরিচালিত ‘দ্য পোস্টার’ ছবিটি এ পর্যন্ত ১০টি পুরস্কার এবং ২৫টি উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে।