অভিসারে মেতেছেন আদিত্য-শ্রদ্ধা!
‘আশিকি ২’ ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অনবদ্য অভিনয় করে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এবার পর্দার সফল এ জুটি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর চাউর হয়েছে। ইদানীং প্রায়ই বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর এ জুটির অভিসারের খবর ডালপালা মেলতে শুরু করেছে।এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আদিত্য বলেছেন, ‘আমি বুঝতে পারছি, কেন সবাই আমাদের দুজনকে প্রেমিক-প্রেমিকা মনে করছেন। আসলে আমরা একে অপরের খুবই ভালো বন্ধু। আমরা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, নৈশভোজে অংশ নিচ্ছি এবং প্রেক্ষাগৃহে বসে ছবি উপভোগ করছি।’আদিত্য আরও বলেন, ‘শ্রদ্ধা কেবল একজন ভালো অভিনেত্রীই নন, ব্যক্তি হিসেবেও তিনি চমত্কার। তাঁর পাশাপাশি থাকতে আমার অনেক ভালো লাগে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, অভিনেত্রী ও এমটিভির ভিডিও জকি রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন আদিত্য। কিন্তু ইদানীং রিয়াকে ছেড়ে শ্রদ্ধার পেছনেই বেশি সময় ব্যয় করছেন ইউটিভি মোশন পিকচার্সের সিইও সিদ্ধার্থ রয় কাপুরের ছোট ভাই আদিত্য। তবে তিনি শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধার সঙ্গে প্রেম নিয়ে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলেননি। এ ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ‘ধীরে চলো’ নীতিই বেছে নিয়েছেন শ্রদ্ধা ও আদিত্য। গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ ছবিটি। ৪০ কোটি রুপি বাজেটের ছবিটির ঝুলিতে জমা পড়েছে ১০৪ কোটি রুপি। এর মধ্য দিয়ে ২০১৩ সালের দ্বিতীয় ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ‘আশিকি ২’। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদিত্য ও শ্রদ্ধা। শ্রদ্ধা ‘আশিকি ২’-এর আগে ‘তিন পাত্তি’ (২০১০) ও ‘লাভ কা দি এন্ড’ (২০১১) ছবিতে অভিনয় করেছিলেন। আর আদিত্য অভিনয় করেছিলেন ‘লন্ডন ড্রিমস’ (২০০৯), ‘অ্যাকশন রিপ্লে’ (২০১০) ও ‘গুজারিশ’ (২০১০) ছবিতে।