অভ্যাস বদলাচ্ছে কারিনার!
বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর অনেক পরিবর্তনই হয়েছে কারিনা কাপুর খানের। সাইফকে মজার সব খাবার খাওয়ানোর জন্য রান্নায় ব্যস্ত সময় পার করছেন। শুধু তাই নয়, দীর্ঘদিনের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে কারিনার। নিরামিষাশী কারিনা মাছ খাওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুর। সাবেক প্রেমিক শহিদ কাপুরের অনুপ্রেরণায় বেশ কয়েক বছর আগে পুরোপুরি নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন কারিনা। ভোজন রসিক কাপুর পরিবারের মেয়ে হয়েও এমন সিদ্ধান্ত নেওয়ায় তখন হতবাক হয়ে গিয়েছিলেন কারিনার বাবা রণধীর কাপুর। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে। কারিনার খাদ্যাভ্যাস পরিবর্তন প্রসঙ্গে শর্মিলা ঠাকুর জানিয়েছেন, কারিনা নিরামিষাশী হওয়ায় শুরুর দিকে তিনি (শর্মিলা) একটু বিপাকেই পড়ে গিয়েছিলেন। কারণ এ ধরনের খাবার রান্নায় তিনি খুব একটা পারদর্শী নন। তাই নতুন বউয়ের জন্য কী রাধবেন তা নিয়ে সব সময় দ্বিধায় থাকতেন। তবে সম্প্রতি কারিনা মাছ খাওয়া শুরু করায় তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন। এখন থেকে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পদের মাছের তরকারী রান্না করে কারিনাকে খাওয়াবেন বলেও জানিয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী শর্মিলা ঠাকুর।