২০ মে সকাল সাতটা ৩০ মিনিটে চলে গেলেন সুলতানা জামান। পঞ্চাশ ও ষাটের দশকের একজন উজ্জ্বল চলচ্চিত্রাভিনেত্রী তিনি। তাঁর অর্জনগুলো নিয়েই আজ আমরা কথা বলব। পাঠককে স্মরণ করিয়ে দিতে চাই, ১৯৫৬ সালে প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ নির্মাণের পর ১৯৫৭ সালে তৎকালীন শিল্প, শ্রম ও বাণিজ্যমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিল জাতীয় সংসদে উত্থাপন করেন এবং বিলটি পাস হওয়ায় নতুন উদ্যমে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসেন কয়েকজন তরুণ ও মেধাবী চলচ্চিত্রনির্মাতা। একই সঙ্গে আবির্ভূত হন বেশ কয়েকজন চলচ্চিত্রাভিনেতা-অভিনেত্রী। পঞ্চাশের দশকের শেষ দিকে চলচ্চিত্রে হাতেগোনা যে কয়েক জন চলচ্চিত্রাভিনেত্রীর আগমন ঘটে, তাঁদের মধ্যে অন্যতম সুলতানা জামান।সুলতানা জামানের পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম। এ দেশের চলচ্চিত্রাঙ্গনে তিনি সুলতানা জামান নামে পরিচিত। ১৯৪০ সালের ১০ আগস্ট তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। সুলতানা জামান ছিলেন নয় ভাইবোনের মধ্যে দ্বিতীয়। নাটোর শহরের মিরপাড়ায় সুলতানা জামানের শৈশব ও কৈশোর কাটে। সুলতানা জামান ১৯৫৯ সালে মাটির পাহাড় ছবিতে রাজিয়া নামে এবং চান্দা ও জোয়ার এলো ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খান আতাউর রহমান পরিচালিত অনেক দিনের চেনা ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান। চিত্রালীর প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম পারভেজের সঙ্গে পরিচয়ের সুবাদে সুলতানা জামানের পরিচয় হয় মুখ ও মুখোশ-এর চিত্রগ্রাহক কিউ এম জামানের সঙ্গে। কিউ এম জামানের সঙ্গে ১৯৫৬ সালের ১৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মাটির পাহাড় ছবিতে অভিনয়ের জন্য সুলতানা জামান ‘চিত্রাকাশ’ পুরস্কার পান। ১৯৬২ সালে কলিম শরাফী ও জহির রায়হানের যৌথ পরিচালনায় সোনার কাজল, এহতেশাম পরিচালিত চান্দা, আবদুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো মুক্তি পায়। ১৯৬৪ সালে খান আতাউর রহমান নির্মাণ করেন অনেক দিনের চেনা। ১৯৬৫ সালে ফতেহ লোহানী পরিচালিত সাতরং, আলী মনসুর পরিচালিত জানাজানি এবং মোস্তাফিজ পরিচালিত মালা মুক্তি পায়। ১৯৬৬ সালে উজালা, আবার বনবাসে রূপবান মুক্তি পায় এবং সুপারহিট ব্যবসাসফল হয়। ১৯৬৭ সালে ময়ূরপঙ্খি, ১৯৬৮ সালে জংলীফুল, সপ্তডিঙ্গা ওনতুন দিগন্ত মুক্তি পায়। ১৯৬৯ সালে মনের মত বউ ও ভানুমতি ছবিতে অভিনয় করেন। ১৯৭০ সালে মিশর কুমারী ও আঁকাবাঁকা ছবিতে অভিনয় করেন। সুলতানা জামান ভানুমতি ও ছদ্মবেশী নামের দুটি ছবি প্রযোজনাও করেন।১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সুলতানা জামান কোনো ছবিতে কাজ করেননি। ১৯৭৬ সাল থেকে তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে আবার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৬ সালে সুলতানা জামান নয়নমণি, ১৯৭৭ সালে নিশান, যাদুর বাঁশি, অনুভব, তৃষ্ণা, ১৯৭৮ সালে অগ্নিশিখা ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে একজন শিল্পীকে চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিলে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে সুলতানা জামান আজীবন সম্মাননা পান।