‘অমর একুশে গ্রন্থমেলা’র ভার্চ্যুয়াল আয়োজন হতে পারে

গত বছর অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা পরিস্থিতির আরও অবনতি হলে আগামী বছরের ‘অমর একুশে গ্রন্থমেলা’র ভার্চ্যুয়াল আয়োজন হতে পারে। বাংলা একাডেমির মহাপরিচালক নিশ্চিত করেছেন, পয়লা ফেব্রুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে না। আগামী রোববার একাডেমির পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে ভার্চ্যুয়াল মেলা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। শুক্রবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এই তথ্য নিশ্চিত করেছেন।

শিল্পীর তুলিতে অমর একুশে গ্রন্থমেলা

ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী দেশের সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। এবার এর ব্যতিক্রম ঘটবে। জানা গেছে, আগামী বছরের মেলা সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসেছিল মেলা কর্তৃপক্ষ। ওই বৈঠকে এবারের মেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুক্রবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজন স্থগিতের চিন্তাভাবনা করছি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বইমেলা শুরু করার তারিখ ঘোষণা করা হবে। এই সময় স্টল বসিয়ে মেলা আয়োজন করার জন্য উপযুক্ত সময় মনে করছি না। তাই আমরা সময় নিচ্ছি।’

তিনি বলেন, ‘যদি দেখি, জানুয়ারি মাসে সময় ভালো যাচ্ছে, তাহলে ফেব্রুয়ারি মাসেই আয়োজন করব। তবে অবস্থা বিবেচনা করে ১ ফেব্রুয়ারির উদ্বোধনী তারিখ স্থগিত করলাম। তবে মেলা বাতিল হয়নি। এই তারিখ থেকে ভার্চ্যুয়াল মেলার আয়োজন করা হবে। শুধু বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত তারিখে মেলা শুরু হবে না, পরে হতে পারে।’

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী
ছবি: প্রথম আলো

জানা গেছে, ৭ ডিসেম্বর ছিল স্টল বরাদ্দ চেয়ে আবেদন করার শেষ সময়। কিন্তু প্রকাশনার সঙ্গে জড়িত দুই সমিতি ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’ ও ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’র বেশির ভাগ প্রকাশনাই স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেননি। যোগাযোগ করা হলে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আবেদনের সময় বাড়ানো, স্টল বা প্যাভিলিয়নের ভাড়া কমানো এবং প্রণোদনা চেয়েছিলাম সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে। তিনি মৌখিকভাবে সম্মতিও জানিয়েছিলেন। পরে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি।’

১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বড় জাতীয় সাহিত্য সম্মেলন হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন। সে উপলক্ষে সাত-আটজন প্রকাশক একাডেমির ভেতরে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে বই সাজিয়ে বসেছিলেন। সে বছরই প্রথম বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রের বাইরে অন্য প্রকাশকদের বই বিক্রির ব্যবস্থা করা হয়।

৭ ডিসেম্বর ছিল স্টল বরাদ্দ চেয়ে আবেদন করার শেষ সময়
ছবি: প্রথম আলো

১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন করেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। বাংলা একাডেমির তথ্যানুযায়ী চলতি বছর অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই।