অমিতাভ-জয়ার ৩৯ বছর!
৩ জুন রোববার পারিবারিকভাবে নিজেদের ৩৯তম বিয়েবার্ষিকী উদযাপন করেছেন বলিউডের প্রখ্যাত দুই তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ৩ জুন ১৯৭৩ থেকে ৩ জুন ২০১২। টানা ৩৯ বছর সংসার সামলে এগিয়ে চলছেন বলিউডের এ তারকা দম্পতি। এরই মধ্যে সন্তানেরাও বড় হয়ে গেছেন, নাতি-পুতীর মুখ দেখার সৌভাগ্যও হয়েছে তাঁদের।জীবনের গুরুত্বপূর্ণ এ দিনটিতে যেন অতীতে হারিয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। স্মৃতিকাতর অমিতাভ তাঁর ভক্তদের কাছে প্রকাশ করেছেন, তড়িঘড়ি করে বিয়ের পরপরই লন্ডনে অবকাশ যাপনে যাওয়ার চমকপ্রদ তথ্য।এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘৩৯ বছর সংসার করছি! আজকের বিশেষ এই দিনে পরিবারের সবাই একত্রিত হয়েছি, শুভেচ্ছা-বিনিময় পর্বও শেষ। খুব মনে পড়ছে সেদিনের কথা। জিঞ্জির ছবিটি সবে মুক্তি পেয়েছে। পরিকল্পনা করলাম, ছবিটি যদি ভালো করে, তবে আমি, জয়া আর কাছের কয়েকজন বন্ধু-বান্ধব মিলে লন্ডন বেড়াতে যাব। কয়েক দিন দারুণ উত্কণ্ঠায় কাটানোর পর জিঞ্জির ছবির বক্স অফিস সফলতার কথা জানতে পারলাম। এবার লন্ডনে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের পালা। কোনোকিছু করার আগে মা-বাবার অনুমতি নেওয়ার রেওয়াজ আছে ভারতীয় সংস্কৃতিতে। আমিও সেটাই করলাম।’অমিতাভ আরও লিখেছেন, ‘বাবা সাফ জানিয়ে দিলেন, এই মেয়েটির সঙ্গে যদি অবকাশ যাপনের পরিকল্পনা করো, তাহলে আগে তাঁকে বিয়ে করতে হবে। অন্যথায়, তোমার বেড়ানোর সিদ্ধান্ত বাতিল। আমিও বাধ্য সন্তানের মতো পরের দিনই জয়াকে বিয়ে করে ফেললাম। তড়িঘড়ি করে ঘরোয়াভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একজন বাঙালি পণ্ডিত মন্ত্র আওড়ালেন, মালা বদল আর উলুধ্বনি হলো। জয়াকে সিঁদুর আর মঙ্গলসূত্র পরিয়ে দিলাম—ব্যস। এভাবেই বিয়ে নামের জটিল বিষয়টি এত সহজেই হয়ে গেল।’অমিতাভ শেষে লিখেছেন, ‘বিয়েতে কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা ছাড়া তেমন কেউ উপস্থিত ছিলেন না। সেই রাতেই অবকাশ যাপনের উদ্দেশে লন্ডন-যাত্রা করেছিলাম আমি আর জয়া।’