অমিতাভ বচ্চনের কেবিসি-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগের কথা। স্টার প্লাসের পর্দায় তখন সবে হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার-এর ভারতীয় সংস্করণ জন্ম নিয়েছে। কিন্তু অনুষ্ঠান প্রচারের আগেই নৈরাশ্যবাদী দল খ্যাপা। তাদের রায়, এ ধরনের গেম শো করে অমিতাভ বচ্চন তাঁর পড়তি ক্যারিয়ারের আরও সর্বনাশ করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভারতীয় টেলিভিশন-শিল্পে নতুন রেকর্ড গড়েছিল অমিতাভ বচ্চন ও তাঁর শো কৌন বনেগা ক্রোড়পতি। পত্রপত্রিকায় খবর এসেছিল, রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভারতের রাস্তায় যানজটের মাত্রা কমে যাওয়ার কথা। আবারও ছোট পর্দায় হাজির কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)। ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৬৮তম জন্মবার্ষিকীতে প্রচারিত হয় কেবিসি-৪-এর প্রথম পর্ব। স্টার প্লাস থেকে কেবিসি এখন সনি চ্যানেলে। দর্শক অবশ্য এসব পরিবর্তন নিয়ে মাথা ঘামায় না। কারণ, ১০ বছর পরও অনুষ্ঠানের জৌলুশ একবিন্দু কমেনি, বরং বেড়েছে। অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠের জাদুতে মাতোয়ারা হয়ে আবারও বোকা বাক্সের সামনে হাজির দর্শক। ফলাফল, আবারও যানজট হ্রাসের খবর।৬৮ বছর বয়সে অমিতাভ হারিয়ে দিয়েছেন শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া এমনকি নিজের ছেলে অভিষেক বচ্চনকেও। কেবিসি-৪-এর প্রথম পর্ব টিআরপি রেটিংয়ে রেকর্ড গড়েছে (৫)। সালমানের বিগ বস ৪ (৩.৬) কিংবা প্রিয়াঙ্কার খাতরোঁ কা খিলাড়ি (২.৪) সে তুলনায় বেশ পিছিয়ে। স্বাভাবিকভাবেই বিজ্ঞাপনদাতারা হুমড়ি খেয়ে পড়েছেন কেবিসির সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিন্তু দর্শকদের বিরক্তির কথা চিন্তা করে বিজ্ঞাপনের মূল্য বাড়িয়ে দিয়েছে সনি। ১০ সেকেন্ডের প্রতিটি বিজ্ঞাপনের স্লট বিক্রি হচ্ছে সাড়ে তিন লাখ রুপিতে। আগামী সপ্তাহে আরেক দফা বিজ্ঞাপনমূল্য বাড়ানোর চিন্তা করছে সনি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ভক্তরা তো বটেই, তারকা-মহাতারকারাও অমিতাভের কেবিসিতে প্রত্যাবর্তন নিয়ে স্ট্যাটাস, টুইটস দিচ্ছেন। স্বয়ং আশা ভোঁসলে লিখেছেন, ‘অমিতজি ও শচীনের মধ্যে একটি ব্যাপারে খুব মিল। ওদের বয়স যত বাড়ছে, ওরা যেন আরও ঝলসে উঠছে।’অমিতাভ অবশ্য এখনো বিনয়ের সঙ্গে নিজেকে আবৃত রেখেছেন। কেবিসির প্রথম দুই মৌসুমেও বাড়ির মানুষ কিংবা বন্ধুদের সঙ্গে কোনো একটি পর্ব দেখেননি। এবারও তা-ই করছেন। অমিতাভ বলেন, ‘নিজের ঘরে বসে অপেক্ষা করি, কখন অনুষ্ঠান শেষ হবে আর জয়া, অভিষেক, ঐশ্বরিয়া এসে ওদের মন্তব্য জানাবে।’ অমিতাভ প্রথম মৌসুমে পর্বপিছু নিতেন ৮০ লাখ রুপি পারিশ্রমিক। দ্বিতীয় মৌসুমে এক কোটি এবং এবার পর্বপিছু পাচ্ছেন দেড় কোটি রুপি। অবশ্য ১০ বছর আগে প্রতি পর্বে ৮০ লাখ পারিশ্রমিকই ছিল অমিতাভের জন্য বিশাল কিছু, ‘তখন আমার হাতে না ছিল কোনো ছবি, না টাকা-পয়সা। ঘাড়ে ঝুলছিল হাজারটা মামলা। এমন পরিস্থিতিতে স্টার প্লাস আমাকে কেবিসি করার প্রস্তাব দেয়। হাতে পয়সা নেই, অথচ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কড়া নির্দেশ, ভুলেও ছোট পর্দায় কাজ করবে না। সবার নিষেধ অমান্য করেই দুই বছরের চুক্তি করেছিলাম স্টার প্লাসের সঙ্গে। জীবনের অনেক সময়ই ঝুঁকি নিয়ে সফল হয়েছি। কেবিসি তেমনই একটি বড় ঝুঁকি ছিল।’এবার কেবিসি-৪-এর শুটিংয়ে যাওয়ার আগে টানা এক মাস অমিতাভ বচ্চন মহড়া করেছেন। অনেকেই বিস্মিত হয়েছেন, এর আগেও তো দুবার এ ধরনের অনুষ্ঠান করার অভিজ্ঞতা রয়েছে, তার পরও এত পরিশ্রম! কারণ কী? ‘এটা ঠিক, অনেকেই ভাবতে পারেন, ২০০ ছবি এবং ৪১ বছর কাজ করার পর এসব আমার জন্য কিছুই নয়। কিন্তু নিজেকে আমি এখনো এত বড় ভাবতে পারি না। তা ছাড়া দর্শকদেরও এত সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমি এখনো প্রতিটি পর্বের শুটিংয়ের আগের রাতে টেনশনে থাকি। বারবার সংলাপ মুখস্থ করি। উচ্চারণ ঠিক করি। এবারের আয়োজন তো আগের বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। পুরস্কারের মূল্যমান এক কোটি রুপি। তবে জ্যাকপট পুরস্কারও আছে, সেটির মূল্যমান পাঁচ কোটি রুপি। ১৩ সপ্তাহ প্রতিযোগী ও দর্শকদের কাছে নিজের সেরাটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ, প্রতিযোগী ও দর্শকই কেবিসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি নই।’ অমিতাভ বলেন, ‘কেবিসির ৯০ শতাংশ প্রশ্নের উত্তরই আমার জানা নেই। সেই হিসেবে এটি আমার জন্যও একটি শিক্ষণীয় শো।’জানা গেছে, এ সপ্তাহেই অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন শ্বশুরের সঙ্গে কেবিসির শুটিংয়ে অংশ নেবেন। তবে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেক নন, উপস্থিত থাকবেন অক্ষয় কুমার। তাঁরা আসবেন তাঁদের মুক্তি আসন্ন অ্যাকশন রিপ্লে ছবির প্রচার চালাতে। এরই মধ্যে এসে গেছেন সঞ্জয় দত্ত, জন এব্রাহাম। প্রস্তাব জানানো হয়েছে শাহরুখ খানকে। সব মিলিয়ে ছোট পর্দায় নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে বিগবি ও তাঁর কেবিসি। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট