অমিতাভ বচ্চনের ছবি তিন প্রদেশে নিষিদ্ধ
মুক্তির আগেই নির্মাতা প্রকাশ ঝার আরাকশান ছবিটি নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। ভারতজুড়ে আজ শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগেই পাঞ্জাব, উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ছবিটি দেখার পর সাধারণ মানুষ খেপে যেতে পারে, এমনকি ছবির অভিনেতা অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানের বাড়িতে হামলাও হতে পারে। এমন আশঙ্কা মাথায় রেখে পুলিশ মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের দুটি বাংলোর চারপাশ ঘিরে রেখেছে। ‘প্রতীক্ষা’ ও ‘জলসা’ নামে বাড়ি দুটির বাইরে দুই ডজন পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সাইফের বাড়ির আশপাশেও। ছবিটিতে কী এমন আছে যে গণরোষের আশঙ্কায় তিনটি প্রদেশে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিতে হলো? সরকারের ভাষ্য, আরাকশান ছবিতে শিক্ষাকে কীভাবে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে—তা তুলে ধরা হয়েছে। কিন্তু ছবিতে পশ্চাত্পদ জনগোষ্ঠীকে নিয়ে আপত্তিকর কিছু সংলাপ আছে। যা শোনার পর ক্ষোভে ফুঁসে উঠতে পারে সাধারণ মানুষ। তাই ছবিটি তিন প্রদেশে মুক্তি দেওয়া হয়নি। এদিকে এ নিষেধাজ্ঞায় চরম হতাশা প্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। আজ সকালে নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘ভালোভাবে না দেখে, না বুঝেই রাজ্য সরকারগুলোর এমন সিদ্ধান্তে আমি মর্মাহত।’এদিকে দুপুরে প্রকাশ ঝা তাঁর ছবির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার জন্য উচ্চ আদালতে গিয়েছেন। ওয়েবসাইট।