অমিতাভই সেরা!
হিন্দি চলচ্চিত্রের সেরা অভিনেতা নির্বাচন করতে সম্প্রতি ৩০ হাজার মানুষের মধ্যে একটি জরিপ পরিচালনা করেছিল এনডিটিভি। জরিপে সবার ওপরে ঠাঁই পেয়েছেন বলিউডের ‘চিরসবুজ’ অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতের ১৮টি বড় শহরের ৩০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে সেরা অভিনেতার আসনটি পেয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি। এ দৌড়ে অমিতাভ পেছনে ফেলেছেন দিলীপ কুমার থেকে শুরু করে শাহরুখ, সালমান ও আমির খানের মতো তারকাদের। সেরা অভিনেতা হিসেবে অমিতাভের পরের আসনটি পেয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত বলিউডের অভিনেতা আমির খান। সেরা পাঁচে ঠাঁই পেয়েছেন যথাক্রমে সালমান খান, শাহরুখ খান ও দিলীপ কুমার।চার দশকের অভিনয়জীবনে ১৮০টির বেশি ছবিতে কাজ করেছেন ৬৯ বছর বয়সী অমিতাভ বচ্চন। কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে ভরেছেন তিন-তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাবে ভূষিত করেছে ভারত সরকার। অমিতাভই একমাত্র অভিনেতা, যিনি এই বয়সেও বলিউডের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। তাঁর সমসাময়িক আর কোনো অভিনেতার পক্ষে এমনটা সম্ভব হয়নি।