অমিতাভকে আদালতের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ৮ জানুয়ারি বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। আয়কর বিভাগ দাবি করেছে, ২০০২-০৩ সালে ১.৬৬ কোটি ভারতীয় রুপি কর ফাঁকি দিয়েছেন অমিতাভ। ২০০২-০৩ সালে ভুল আয়কর বিবরণী দাখিলের অভিযোগে এর আগেও অমিতাভের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল আয়কর বিভাগ। কিন্তু গত বছরের জুলাইয়ে বোম্বে উচ্চ আদালত সেই আপিল খারিজ করে অমিতাভকে নির্দোষ ঘোষণা করেন। পরে সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে আয়কর বিভাগ। সম্প্রতি আবারও অমিতাভকে ২০০২-০৩ সালের সঠিক আয়কর বিবরণী জমা দিতে বলা হয়েছে আয়কর বিভাগের পক্ষ থেকে। এর পেছনের কারণ সম্পর্কে বলা হয়েছে, ২০০২-০৩ সালে দাখিল করা আয়কর বিবরণীতে ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন অমিতাভ। অথচ তাঁর মোট সাতটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল।