
১০ অক্টোবর বলিউড অভিনেত্রী রেখার ৬২তম জন্মদিন। এর পরদিন ১১ অক্টোবর ৭৩ শেষ করে জীবনের ৭৪তম বছর শুরু করবেন অমিতাভ বচ্চন। বলিউডের এই দুই মহাতারকার জীবন টান টান উত্তেজনায় ভরা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। সেই চিত্রনাট্যে প্রেম-বিরহ, মিলন-বিচ্ছেদ, দ্বন্দ্ব, ভুল-বোঝাবুঝি—সবই আছে। কিন্তু সেই চিত্রনাট্যের আসলে শক্ত কোনো ভিত নেই। অমিতাভ বচ্চন কোনো দিনও রেখার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে কোনো ‘রা’ করেননি। তবে অনেকবারই মন উজাড় করে রেখা বলেছেন অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। একটা সময় অবশ্য এই অভিনেত্রীও চুপ হয়ে যান। তখন থেকেই রেখা-অমিতাভের গল্পটা রহস্যের গাঢ় রঙের মাঝে ধীরে ধীরে হারাতে থাকে। আজ তাঁদের সেই গল্পের একটি ছোট অধ্যায় তুলে ধরা হলো। ১৯৮৪ সালে ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের নভেম্বরের সংখ্যায় প্রকাশিত রেখার একটি সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে দেওয়া হলো। এই সাক্ষাৎকারে রেখা শেষবারের মতো অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্পষ্টভাবে বলেছেন। কথা বলেছেন অমিতাভ-পত্নী জয়া বচ্চনকে নিয়েও।

‘আমি কী বলছি, তাতে কারও কিছু যায়-আসে না। আমি তো আসলে তৃতীয় পক্ষ, পরনারী, তাই না? মা-বাবাও দারুণ বিব্রত। কোন মা-বাবা বিব্রত হবেন না, যখন শুনবেন তাঁর সন্তান পরকীয়া করছে! ব্যাপারটা তো ইমেজ রক্ষার। কেউ ভেতরটা দেখে না। এমন পরিস্থিতিতে প্রথম পক্ষ (জয়া বচ্চন) খুবই সরল, বেচারী আর হতভাগীর মতো ইমেজ নিয়ে থাকে। এই ইমেজটা ভালো, তাই না? কিন্তু আমি স্বাধীন। আমার ইমেজের চিন্তা করতে হয় না। প্রথম পক্ষের কিন্তু এই চিন্তাটা আছে। সে (প্রথম পক্ষ) চাইলেই সবকিছু ছেড়েছুড়ে চলে যেতে পারবে না।
ভেবে দেখুন, এটা খুব ভালো একটা গুণ। তোমার মনের সব আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে সেই মানুষটির সঙ্গেই এক ছাদের নিচে থাকতে হবে যে আসলে মন থেকে ভালোবাসে অন্য কাউকে। এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেক শক্তি আর সাহস লাগে। তাঁর (জয়া বচ্চন) সেই শক্তি আছে। এ জন্য তাঁকে আমি সাধুবাদ জানাই, শ্রদ্ধা করি। আমি এমনটা কখনোই করতে পারতাম না। আমাকে দিয়ে সমঝোতা হতো না। কোনো সম্পর্কই আর খাঁটি থাকে না, যদি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে সমঝোতা করতে হয়। একটা পর্যায় পর্যন্ত সম্পর্কে লেনদেনের বিষয় আসতে পারে। কিন্তু তা সমঝোতার বা ছাড় দেওয়ার পর্যায় পর্যন্ত যেতে পারে না।
আজ আমি কারও সঙ্গে কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা আর ভাবতে পারি না। তবে এটা খুব স্বস্তি দেয় যে, প্রায় ১০ বছর ধরে আমি যে সম্পর্ক নিয়ে আছি, তাতে কোনো সময় কোনো স্থবিরতা ছিল না। জানি না, আগামী ১০ দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে। তবে এ পর্যন্ত আমার জীবনের যত চড়াই-উতরাই, আনন্দ, উত্তেজনা, সাফল্যের উপলব্ধি—সবই ওই একটা মানুষের (অমিতাভ বচ্চন) কারণেই সুন্দর হয়ে উঠেছে। মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে বিয়েটা কেন হলো না? আমি বলি কি, যা অসম্ভব ছিল তা ভেবে শুধু শুধু দুঃখ করে লাভ কী?
আমি কিন্তু জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো থেকেই সবচেয়ে বেশি শিক্ষা নিয়েছি। আমি আমার ২৭ বছরের জীবনে যতটা না শিখেছি, ততটা আমি গত ৬ মাসে শিখে ফেলেছি। এই শিক্ষাটা আমাকে আরও পরিপূর্ণ মানুষ হতে শিখিয়েছে, শক্ত হতে শিখিয়েছে। আমি গর্বিত যে আমি একটা জটিল পরিস্থিতি থেকে একটু একটু করে বেরিয়ে আসতে পারছি।
অনেক গুজব, অনেক মিথ্যার প্রচার হয়েছে গত কয়েকটা বছর। সেসব প্রচারিত তথ্যে সত্যের ছিটেফোঁটাও ছিল না। কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, শুধু নীরবে সব দেখতাম। ভেবে দেখুন, যার জন্য এত কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছিল আমাকে, আমি তাঁকেই এসব অনুভূতির কথা বলতে পারতাম না। একটা সময় নিজের অনুভূতিগুলো উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম আমি। তাই তাঁর (অমিতাভ) পরিস্থিতিটাও বুঝতে পারতাম না। কোনো অনুভূতি উপলব্ধি করতে না পারার কষ্ট অনেক যন্ত্রণাদায়ক। তখন মনে হয়, মৃত্যু যন্ত্রণাটাও হয়তো খুব বেশি কষ্টের হবে না। সেই সময় আমি মৃত্যুকেও সহজভাবে নিতে পারতাম, কিন্তু নিজের অনুভূতি-আবেগ প্রকাশ করতে না পারার যন্ত্রণা আর অসহায়ত্ব মেনে নিতে পারছিলাম না। খুব অসহায় লাগত যখন আমি তাঁকে (অমিতাভ বচ্চন) বলতে পারতাম না, আমার কষ্টের কথা।
আদর রহমান
ফিল্মফেয়ার অবলম্বনে