অমিতাভকে বিশেষ উপহার দিলেন স্পিলবার্গ
ভারত সফরে এসে স্টিভেন স্পিলবার্গ একটি বিশেষ ‘উপহার’ দিয়েছেন অমিতাভ বচ্চনকে। বিশেষ উপহারটি হলো স্পিলবার্গের কফি টেবিলের প্রিয়সঙ্গী একটি বই। বিশেষ এ উপহার পাওয়ার কথা জানালেও উপহার বার্তায় স্পিলবার্গ কী লিখেছেন সে সম্পর্কে মুখ খোলেননি অমিতাভ। সম্প্রতি স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ চলচ্চিত্রটি সেরা ছবির অস্কার জিতেছে। ‘লিংকন’ চলচ্চিত্রের যৌথ প্রযোজক হিসেবে কাজ করেছে ভারতের ধনকুবের অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। আর চলচ্চিত্রটির সাফল্য উদযাপনে ভারত সফরে এসেছেন স্পিলবার্গ। ভারতের ধনকুবের অনিল আম্বানি স্পিলবার্গের সম্মানে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে স্পিলবার্গের সঙ্গে বচ্চন পরিবারকেও নিমন্ত্রণ করেছিল আম্বানি পরিবার। অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে ছিলেন জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এক খবরে জানিয়েছে, আম্বানি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে অমিতাভকে বিশেষ একটি উপহার দিয়েছেন স্পিলবার্গ। আর বিশেষ উপহারটি পেয়ে অমিতাভ বচ্চন যে খুব খুশি হয়েছেন, তাঁর টুইট পড়লেই তা বোঝা যায়। টুইটে স্পিলবার্গের সঙ্গে কাটানো সন্ধ্যা আর বিশেষ উপহারের কথাই বলেছেন অমিতাভ বচ্চন।