অমিতাভকে বিশেষ সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে তাঁর বিশাল অবদানকে এবার স্বীকৃতি দিল ব্রিটেনের হাউস অব কমন্স। অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে এ বছরের ‘গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’। ৭১ বছর বয়সী এই অভিনেতাকে ‘বলিউড আইকন এবং সর্বকালের সবচেয়ে বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র তারকা’ হিসেবে অভিহিত করে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। অমিতাভের হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ। অমিতাভকে ‘অনুকরণীয় উদাহরণ’ আখ্যা দিয়ে বারকাউ বলেন, যোগ্যতম ব্যক্তির হাতেই দেওয়া হলো এই পুরস্কার। এমন সম্মাননা পেয়ে গর্বিত অমিতাভ কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটেনবাসীকে। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা হিউ গ্র্যান্ট বলেন, অমিতাভের সমাজের প্রতি দায়বদ্ধতাও অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ। পিটিআই।