অমিতাভের অটোগ্রাফ নিলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ খানের অটোগ্রাফ নেওয়ার জন্য মুখিয়ে থাকে তাঁর অগণিত ভক্ত। এবার সেই শাহরুখই অটোগ্রাফ নিলেন ‘শাহেনশা’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের কাছ থেকে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ অভিনীত ‘ডন’ ছবির পোস্টারে প্রিয় অভিনেতার অটোগ্রাফ নেওয়ার সময় বেশ আগ্রহভরে তাকিয়ে থাকতে দেখা গেছে শাহরুখকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম সফল এ দুই তারকা। সেখানে ‘ডন’ ছবির পোস্টারে অমিতাভকে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করেন শাহরুখ। পরে এ বিষয়ে অমিতাভ তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘ডন ছবির একটি পোস্টার এগিয়ে দিয়ে নিজের জন্য আমার কাছে অটোগ্রাফ চাইল শাহরুখ।’ সেই মুহূর্তের একটি ছবিও পোস্ট করেছেন অমিতাভ। জানিয়েছে হিন্দুস্তান টাইমস। অমিতাভের ‘ডন’ (১৯৭৮) মুক্তি পাওয়ার পর দারুণ সাড়া ফেলেছিল বলিউডে। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ‘ডন: দ্য চেজ বিগিনস’ (২০০৬) এবং ‘ডন ২: দ্য চেজ কন্টিনিউস’ (২০১১) ছবি নির্মাণ করে প্রশংসিত হন তরুণ নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। দুটি ছবিতেই নামভূমিকায় অভিনয় করেন শাহরুখ। সম্প্রতি দুই প্রজন্মের ডনকে এভাবে একসঙ্গে দেখার মুহূর্তটি বলিউডের অন্যতম চমকপ্রদ মুহূর্ত বলেই রায় দিয়েছেন অনেকে।