অমিতাভের কুসংস্কার!
শনিবার ভারতের জয় কামনা করে উপোস করেছেন লতা মঙ্গেশকর। নিজের বাসায় টিভিতে বিশ্বকাপ ক্রিকেটের ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল খেলা দেখেছেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছেন বলিউড তারকা আমির খান, কিরণ রাও, অজয় দেবগন, বিনোদ খান্না, সাইফ আলী খান, প্রীতি জিনতা, সুনিল শেঠি, বিবেক ওবেরয়, রণবীর কাপুর, আমিশা প্যাটেল, আফতাব শিবদাসানি, শহিদ কাপুর, মধুর ভান্ডারকার, সোহা আলী খানসহ অনেকেই। কিন্তু খেলা দেখেননি অমিতাভ বচ্চন। সারা দিন অবশ্য তিনি তাঁর মুম্বাইয়ের জুহু বিচের বাসভবন প্রতীক্ষাতেই ছিলেন। বাসায় টিভিতে খেলা দেখেছেন তাঁর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।অভিষেক বলেন, ‘বাবার দৃঢ় বিশ্বাস, তিনি খেলা দেখলেই হেরে যেতে পারে ভারত। আগে এ ধরনের ঘটনা ঘটেছে। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রত্যাশায় বাবা খেলা দেখেননি। তবে আমরা কিছুক্ষণ পরপর তাঁর কক্ষে গিয়ে খেলার স্কোর জানিয়ে এসেছি।’