অমিতাভের জন্মদিনেই শুরু হচ্ছে কেবিসি-৪
আগামী ১১ অক্টোবর বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৬৮তম জন্মদিন। আর ওই দিনই নতুন করে শুরু হচ্ছে বলিউডের সবচেয়ে আলোচিত গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)। এ নিয়ে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি। কৌন বনেগা ক্রোড়পতির এবারের আসরটি শুরুর আগে গত শনিবার থেকে দর্শকদের নাম অন্তর্ভুক্তির জন্য ফোন লাইন খুলে দেওয়া হয়েছিল। ফোন লাইন খোলার কিছুক্ষণের মধ্যেই ব্যাপক সাড়া পাওয়া যায়, যা এককথায় অবিশ্বাস্য। প্রথম পাঁচ মিনিটেই ফোনগুলোতে আসে প্রায় দেড় লাখ বার্তা।অনুষ্ঠানটি সম্পর্কে অমিতাভ টুইটারে লিখেছেন, কেবিসি ফোন খোলা হয়েছে ভারতীয় সময় রাত নয়টায়। ফোন লাইন খোলার পর সনি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই দেড় লাখ বার্তা আসে। ফোন কল একেবারে পরিপূর্ণ হয়ে যায়। টুইটারে অমিতাভ এও লিখেছেন, কেবিসি ইউ সুইট! সহ আরও অনেক কিছু।কৌন বনেগা ক্রোড়পতির এবারের আসরে অমিতাভ বচ্চনের প্রতি দর্শকদের এ ধরনের ভালোবাসায় অভিভূত হয়ে বাবা অমিতাভ বচ্চনকে অভিনন্দন জানিয়েছেন মেয়ে শ্বেতা নন্দা ও নায়কপুত্র অভিষেক বচ্চন।