অমিতাভের জন্য প্রদর্শনী
অমিতাভ বচ্চনকে ভাবনায় রেখে সত্তরটি ছবি এঁকেছেন শিল্পীরা। কাল ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন। ৭০ বছরে পা রাখছেন বলিউডের এই মহাতারকা। আর এই উপলক্ষেই ৭০টি চিত্রকর্ম নিয়ে হচ্ছে এক প্রদশর্নী। ছবিগুলো এঁকেছেন ভারতের নামজাদা সব শিল্পী। অক্টোবরের ১২ ও ১৩ তারিখে প্রদর্শনীটি চলবে মুম্বাইয়ে নেহরু সেন্টারের হল অব ভিশনে। চিত্র প্রদর্শনীতে কেবল ছবিই নয়, ৩৫টি পোস্টারও থাকছে। সব কটি পোস্টারই অমিতাভ অভিনীত ছবির। ‘বি সেভেনটি’ নামের এই প্রদর্শনীর আয়োজক স্বপ্না কর জানিয়েছেন, একটা বইও প্রকাশিত হবে সেদিন। বইয়ে থাকবে প্রদর্শনীর ছবিগুলো। অমিতাভের জন্মদিনটা আরও বর্ণিল করছেন অভিষেক বচ্চন ও আমির খান। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ধুম থ্রি ছবির শুটিংয়ে ব্যস্ত তাঁরা। অভিষেক নিশ্চিত করেছেন, আজ মুম্বাইয়ে আসছেন তিনি। শোনা যাচ্ছে, আমিরও সঙ্গী হচ্ছেন তাঁর। জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েই আবার পরদিন তাঁরা উড়াল দেবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। আইএএনএস।