অমিতাভের পক্ষেই আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মুম্বাই হাইকোর্ট ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সে দেশের আয়কর বিভাগের করা এক মামলার রায় ঘোষণা করেছেন। আদালত অমিতাভের পক্ষে রায় দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ২০০২ সালের মার্চে অমিতাভ জানিয়েছিলেন, তাঁর মোট আয়ের ৩০ শতাংশ খরচ করেছেন তিনি। সেই হিসাবে তাঁর আয় ৮ কোটি ১১ লাখ ভারতীয় রুপি। একই বছরের অক্টোবরে জানান, ২০০২-৩ সালে তাঁর সম্ভাব্য আয় ১৪ কোটি ৯৯ লাখ রুপি। কিন্তু অমিতাভের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আয়কর কর্মকর্তা (এও) ২০০৫ সালে দাবি করেন, ২০০২-৩ সালে অমিতাভের মোট আয় ছিল ৫৬ কোটি ৪১ লাখ রুপি। ২০০৬ সালে আয়কর বিভাগের কমিশনারের পক্ষ থেকে অমিতাভকে নোটিশ দেওয়া হয়। ২০০২-৩ সালে তাঁর আয়ের বিবরণ পুনরায় দাখিল করতে বলা হয়। নোটিশ পাওয়ার পর অমিতাভ তাঁর আয়ের বিবরণ সংশোধন করেন। সেখানে আয়ের পরিমাণ উল্লেখ করা হয় ২০ কোটি ৫ লাখ রুপি। আয়কর বিভাগের কমিশনার বরাবর একটি আবেদনও করেন অমিতাভ। সেই আবেদনে আয়কর কর্মকর্তা অমিতাভের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে ভুল করেছেন এবং আই-টি অ্যাক্টের ১৪৭ ধারায় মামলা করেছেন বলেও জানানো হয়। সম্প্রতি সেই মামলাতেই অমিতাভের পক্ষে রায় দিয়েছেন আদালত।